সপ্তম দফার ভোট শেষ হতেই সব সংবাদ মাধ্যমে শুরু হয়ে গিয়েছিল এক্সিট পোল বা ভোট পরবর্তী সমীক্ষা রিপোর্ট পেশ করা। একেবারে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কোন ভাগে কার জয় হবে তা নিয়ে বিশ্লেষণ তর্ক – বিতর্ক সবই হয়ে গিয়েছে।
কিন্তু এইসব এক্সিট পোলের রিপোর্ট মানতে নারাজ ভোটকুশলী প্রশান্ত কিশোর। এক্সিট পোল প্রকাশ্যে আসার পর সবাই তার প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল। তিনি আগেই জানিয়েছিলেন,২০২৪-র লোকসভা ভোটে এনডিএ জোট ৪০০ পার করতে পারবে না। ৩০০ বা তার থেকে একটু বেশি আসন থাকবে তাদের হাতে। এদিকে একাধিক এক্সিট পোল এনডিএ-কে ৩৫০ থেকে ৩৭৫টি আসন দিয়ে ফেলেছে। প্রশান্ত কিশোর এও জানিয়েছিলেন যে, পশ্চিম এবং উত্তর ভারতে খুব একটা বেশি আসন জিততে পারবে না বিজেপি।
এক্সিট পোলে দাবি করা হয়েছে কেরলে খাতা খুলবে বিজেপি। তামিলনাড়ুতেও আসন পাবে। কর্নাটকে সিংহভাগ আসনই বিজেপির দখলে যাবে। আবার তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশেও অনেকটাই ভোট পাবে বিজেপি। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। পূর্বভারতেও একাধিক রাজ্য বিজেপির আসন সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি গতবারের চেয়ে অনেক বেশি আসন পাবে বলে এক্সিট পোলে দাবি করা হয়েছে।







