দুর্গাপুজোর আগেই রাজ্যে বাড়তে পারে মদের দাম। রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যেই অক্টোবর মাসে দেশি মদ, বিদেশি মদ এবং বিয়ার—এই তিন ধরনের পানীয়ের জন্য নতুন মূল্য কাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। যদিও এখনও কত শতাংশ দাম বাড়ানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে মদের নতুন দাম কার্যকর হবে। যেসব পণ্যের ক্ষেত্রে মূল্য অপরিবর্তিত থাকবে, সেগুলিরও নতুন করে নথিভুক্তিকরণ করতে হবে।
এরই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, দুর্গাপুজোর অষ্টমীর দিন রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ রাখা হবে। শুধু দোকান নয়, ওই দিন বারগুলিতেও মদ পরিবেশন করা যাবে না। এই পরিস্থিতির মধ্যেই রাজ্যজুড়ে মদের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে আবগারি দপ্তর। নবান্ন সূত্রে খবর, মূল উদ্দেশ্য রাজ্যের রাজস্ব আয় বৃদ্ধি করা।
এই সংক্রান্ত বিষয়ে গত ৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তরে একটি বৈঠক হয়। দেশি ও বিদেশি মদ এবং বিয়ার সরবরাহের জন্য প্রকাশিত এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) নিয়ে বিভিন্ন সংস্থা ও প্রস্তুতকারকদের প্রতিনিধিদের সঙ্গে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়।






