বিশ্ব

ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভের আগুন! ৩০০ শহরে আন্দোলন, ৫ নভেম্বর দেশজুড়ে ধর্মঘট

ফ্রান্সে ক্রমশ তীব্র হচ্ছে সরকারবিরোধী বিক্ষোভ। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, বেকারত্ব, মজুরি নিয়ে অসন্তোষ এবং সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে রাজধানী প্যারিস-সহ দেশের প্রায় ৩০০টি শহরে পথে নেমেছেন হাজার হাজার মানুষ। পরিস্থিতি সামাল দিতে চাপের মুখে পড়েছে ফ্রান্স সরকার। এরই মধ্যে আগামী ৫ নভেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি।
প্যারিসে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা চরমে উঠেছে। গত শনিবার থেকে বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের খবর মিলেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জের ভিডিয়োও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। অন্যদিকে, পুলিশের দিকে বিক্ষোভকারীদের একাংশ তেড়ে যান বলেও অভিযোগ উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠান সায়েন্সেস পো-তে অবরোধ তুলতে গিয়ে পুলিশ আন্দোলনকারীদের উপর বলপ্রয়োগ করেছে বলেও অভিযোগ।
প্রথমে স্কুলের পরিকাঠামো উন্নয়নের দাবিতে পড়ুয়াদের আন্দোলন শুরু হলেও, বর্তমানে তা বৃহত্তর গণবিক্ষোভের চেহারা নিয়েছে। পড়ুয়াদের পাশাপাশি শ্রমিক, কৃষক, সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তরাও আন্দোলনে শামিল হয়েছেন।
ফ্রান্স পুলিশের দাবি, ২৯৮টি শহরে বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৪ লক্ষ ১০ হাজার মানুষ। অন্যদিকে, শ্রমিক সংগঠন জেনারেল কনফেডারেশন অফ লেবারের দাবি, আন্দোলনকারীর সংখ্যা প্রায় ৮ লক্ষ। রবিবার এক হাজারেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেসের দাবি, বিক্ষোভে ৫৪ জন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন।
আগামী ৫ নভেম্বরের ধর্মঘটে পরিবহণ, শিক্ষা-সহ বিভিন্ন পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে নতুন করে অচলাবস্থার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে ফ্রান্সে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.