টাইগার শ্রফ নন, আততায়ীদের আসল লক্ষ্য ছিলেন বলিউডের আরও বড় এক তারকা। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। তদন্তকারীদের দাবি, টাইগার শ্রফকে হামলার জন্য বেছে নেওয়ার আগে অভিযুক্ত তিন শুটারের নিশানায় ছিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।
ক্রাইম ব্রাঞ্চ সূত্রের দাবি, আমির খানের উপর হামলার পরিকল্পনা করেছিল অভিযুক্তরা। কিন্তু অভিনেতার কড়া নিরাপত্তা এবং তাঁর গতিবিধি সম্পর্কে নির্দিষ্ট তথ্য না পাওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। প্রায় এক মাস মুম্বইয়ে থেকে আমিরের গতিবিধির উপর নজর রেখেছিল তারা। এমনকী অভিনেতার বাড়ির আশপাশে অন্তত তিনবার ঘোরাফেরা করেছিল অভিযুক্তরা। তবে শুটিংয়ের কাজে আমিরকে প্রায়ই শহরের বাইরে যেতে হত। পাশাপাশি দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকায় হামলার জন্য উপযুক্ত সুযোগও পায়নি দুষ্কৃতীরা।
এরপরই তাদের নজর ঘুরে যায় টাইগার শ্রফের দিকে। তদন্তকারীদের দাবি, জুহুর একটি পার্কে প্রায় প্রতি রবিবার ফুটবল খেলতে যেতেন টাইগার। সেই তথ্য হাতে আসার পর ওই জায়গাটিকেই হামলার জন্য বেছে নেয় অভিযুক্তরা। পরিকল্পনা অনুযায়ী, গত ১৮ অক্টোবর ফুটবল খেলে পার্ক থেকে বেরনোর সময় অভিনেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।
আমির খানকে টার্গেট করার এই প্রাথমিক পরিকল্পনার সঙ্গে গত জুলাইয়ে অভিনেতার কাছে আসা হুমকির কোনও যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গৌরীর সঙ্গে তৃতীয় বিয়ের পর ‘লাভ জেহাদ’ বিতর্কের জেরে আমিরকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে খুনের হুমকি দেওয়া হয়েছিল বলে খবর। সেই সময় মহারাষ্ট্র প্রশাসনের তরফে অভিনেতার নিরাপত্তাও বাড়ানো হয়। টাইগার শ্রফকে লক্ষ্য করে হামলার তদন্তে এবার আমিরকে ঘিরে সেই পুরনো হুমকির বিষয়টিও নতুন করে খতিয়ে দেখা হচ্ছে।







