জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ মিছিলে অংশ নেওয়া নিয়ে অভিনেতা ইমরান খানকে কড়া ভর্ৎসনা করল বোম্বে হাইকোর্ট। সোমবার মামলার শুনানির সময় আদালত মনে করিয়ে দেয়, ইমরান মার্কিন নাগরিক এবং তাঁর কাছে রয়েছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া (OCI) কার্ড। তাই একজন ভারতীয় নাগরিকের মতো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বা আচরণ করার অধিকার তাঁর নেই বলেই পর্যবেক্ষণ আদালতের।
ভারতীয় নাগরিকরা আমেরিকায় গিয়ে সেদেশের সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে অংশ নিলে কী ধরনের পরিস্থিতির মুখে পড়তে পারেন, সেই প্রসঙ্গও টেনে আনে ডিভিশন বেঞ্চ। আদালতের বক্তব্য, ইমরান যেহেতু OCI কার্ডধারী, তাই ভারতীয় নাগরিকদের মতো আচরণ করা তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নয়। নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়েও মন্তব্য করার অধিকার তাঁর নেই বলে জানায় আদালত। এই ধরনের প্রতিবাদে অংশ নেওয়াকে অনুচিত আখ্যা দিয়ে আদালতের কাছে লিখিত বন্ড বা মুচলেকা দেওয়ার কথাও বলা হয়।
ইমরানের হয়ে আদালতে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী ভেঙ্কটেশ ধোন্ড। তিনি জানান, ৪২ বছর বয়সী অভিনেতা ছোটবেলা থেকেই ভারতে বসবাস করছেন। জন্মসূত্রে আমেরিকার নাগরিক হলেও তাঁর পেশাগত জীবন এবং দৈনন্দিন জীবনযাপন দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত।
তবে সেই যুক্তি খারিজ করে প্রধান বিচারপতি এম সি ত্রিপাঠী এবং বিচারপতি অদ্বৈত শেঠনার বেঞ্চ জানায়, ভারতে দীর্ঘদিন বসবাস করলেও ইমরান ভারতীয় নাগরিক নন। আদালত উদাহরণ দিয়ে বলে, কোনও ভারতীয় নাগরিক যদি আমেরিকায় গিয়ে সেদেশের সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে অংশ নেন, তাহলে তাঁর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করা হতে পারে এবং তাঁকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে।
এত বছর ভারতে বসবাস এবং বলিউডে কাজ করার পরও কেন ইমরান ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেননি, সেই প্রশ্নও তোলে আদালত। বেঞ্চের মন্তব্য, দীর্ঘদিন ভারতে থাকার কারণে হয়তো অভিনেতা ভুলেই গিয়েছেন যে তিনি একজন OCI কার্ডধারী।
উল্লেখ্য, বিদেশিদের আঞ্চলিক রেজিস্ট্রেশন অফিস বা FRRO-এর তরফে ইমরান খানকে অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে মামলা করেন অভিনেতা। গত সপ্তাহে আদালত ওই নির্দেশের উপর সাময়িক স্থগিতাদেশ জারি করে। সেই মামলারই পরবর্তী শুনানিতে সোমবার আদালতের কড়া পর্যবেক্ষণের মুখে পড়লেন ইমরান খান।







