চাকরি

পঞ্চায়েত দপ্তরে বড় নিয়োগের ঘোষণা, ৭১৯০ পদে চাকরির সুযোগ! লক্ষ্য ২০২৭-এর এপ্রিল

পঞ্চায়েত দপ্তরে বড়সড় নিয়োগের উদ্যোগ রাজ্য সরকারের। প্রায় ৭ হাজার ১৯০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগামী ২০২৭ সালের এপ্রিলের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে চালু হতে চলেছে নতুন নিয়ম। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে সম্পন্ন হবে গোটা প্রক্রিয়া। স্থায়ী পদের পাশাপাশি আরও ১ হাজার অস্থায়ী কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে নিউটাউনে তৈরি হতে চলেছে পঞ্চায়েত দপ্তরের নতুন ভবন। প্রস্তাবিত নতুন বিধানসভা ভবনের জন্য চিহ্নিত জমির পাশেই ৫ একর জায়গায় নির্মিত হবে এই ভবন।

বুধবার পঞ্চায়েত ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল-সহ একাধিক আধিকারিক। রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক (ডিএম) এবং বিডিওরাও বৈঠকে অংশ নেন। নিয়োগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ২০২৭ সালের এপ্রিলের মধ্যেই নতুন কর্মী নিয়োগের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মে পরিবর্তন আনা হবে। পিএসসির হাত ধরেই নিয়োগ সম্পন্ন হবে বলে জানান তিনি। অন্যদিকে, নিউটাউনে ৫ একর জমির উপর নতুন পঞ্চায়েত ভবন তৈরির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এদিন পঞ্চায়েত দপ্তরে ভিভি রামজি এবং প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতেও বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী, দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরা। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, প্রতিদিন প্রায় ২২ লক্ষ মানুষ ১২৫ দিনের কাজের প্রকল্পে যুক্ত রয়েছেন। এই প্রকল্পের জন্য ১৩ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রের দেওয়ার কথা ৮ হাজার কোটি টাকা এবং রাজ্যের তরফে ব্যয় করা হবে ৫ হাজার কোটি টাকা। ইতিমধ্যেই প্রথম পর্যায়ে কেন্দ্র ১২০০ কোটি টাকা দিয়েছে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রীর দাবি, ইতিমধ্যে ১০ লক্ষ নতুন জব কার্ড দেওয়া হয়েছে। তাঁর কথায়, ভারত সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে মনে করছে রাজ্য। প্রকল্পের কাজও শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ৬৫ লক্ষ ৬২ হাজার কর্মদিবস তৈরি হয়েছে।

রাজ্য ডবল ইঞ্জিন সরকারের সুবিধা পাচ্ছে বলে দাবি করার পাশাপাশি আগের সরকারের আমলের দুর্নীতি নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, আধারের সঙ্গে কেওয়াইসি সংযুক্ত করার সময় ৩১ লক্ষ ভুয়ো জব কার্ডের হদিস মিলেছে। সেগুলি বাতিল করা হয়েছে। ওই কার্ডগুলির মাধ্যমে আগে টাকা তোলার অভিযোগও করেছেন তিনি। পাশাপাশি নতুন করে ১০ লক্ষ জব কার্ড ইস্যু করা হয়েছে বলে জানান শুভেন্দু।

অন্যদিকে, পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ জানান, গ্রামীণ এলাকায় বিভিন্ন পরিকাঠামো ও সম্পদ তৈরির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী দু’বছরের মধ্যে গ্রামের সামগ্রিক পরিকাঠামোয় বড়সড় পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে সরকারের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.