রাজ্য

SIR ট্রাইব্যুনালে ফের পদত্যাগ, দায়িত্ব ছাড়লেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু

SIR ট্রাইব্যুনাল থেকে একের পর এক অবসরপ্রাপ্ত বিচারপতির সরে দাঁড়ানো ঘিরে বাড়ছে জল্পনা। এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়লেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। এই মর্মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে চিঠি পাঠিয়েছেন তিনি। তাঁর পদত্যাগের ফলে ট্রাইব্যুনালের কাজকর্ম নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের আবেদন ও অভিযোগ খতিয়ে দেখতেই এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উদ্যোগে তৈরি এই ব্যবস্থায় ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারক ও বিচারপতিকে অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের মধ্যে ছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসুও।

তবে এর আগেও একাধিক বিচারপতি এই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় পদত্যাগের সময় সল্টলেক থেকে জোকা যাওয়ার পথে বেহাল রাস্তার সমস্যার কথা উল্লেখ করেছিলেন। এছাড়াও কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগও ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়িয়েছেন।

উল্লেখযোগ্য বিষয় হল, বিচারপতি বিশ্বজিৎ বসু বর্তমানে রাজ্য সরকারের গঠিত একাধিক গুরুত্বপূর্ণ কমিশনের দায়িত্বেও রয়েছেন। তৃণমূল আমলের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিশনের পাশাপাশি স্বাস্থ্য কমিশনেরও নেতৃত্ব দিচ্ছেন তিনি।

একের পর এক বিচারপতির পদত্যাগে SIR সংক্রান্ত মামলার নিষ্পত্তি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বহু আবেদন এখনও বিবেচনাধীন। ফলে ট্রাইব্যুনালের সদস্যসংখ্যা কমে যাওয়ায় সেই মামলাগুলির শুনানি ও নিষ্পত্তির প্রক্রিয়া কতটা প্রভাবিত হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.