বিজেপি দুর্গাপুজোর বিষয়ে কিছুই জানে না বলে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার পালটা জবাবে সামিল বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
দিলীপের মন্তব্য, ‘ব্রাহ্মণের মেয়ে হয়ে যিনি চণ্ডীপাঠ ঠিক করে জানেন না। যিনি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেন, তাঁর থেকে লোকে শিখবে পুজো নিয়ে? উনি কিছুই জানেন না। ভরপেট খেয়ে ইফতার পার্টিতে গিয়ে ঢেঁকুর তোলেন মুসলমান ভোটের জন্য। গায়ের জোরে টাকা দিয়ে পুজো কেনেন। তাঁর মুখ থেকে লোকে ধর্মের কথা শুনবে না। জীবনে কোনওদিন উনি ধর্মীয় কাজ করেননি। সমস্ত অধার্মিক, দুরাচারী, ভ্রষ্টাচারী লোক নিয়ে থেকেছেন। প্রতিদিন কোনও না কোনও সাংসদ বিধায়কের বিরুদ্ধে অভিযোগ আসে। যারা নৈতিকতা জানেন না, যার মন্ত্রীরা লাইন দিয়ে জেলে যায়, এই সব লোকের সঙ্গে উনি থাকেন কেন? তাঁর কাছে ধর্মের কথা শুনব এত দুর্দশা আমাদের হয়নি।’
মহালয়ার আগে থেকেই পুজোর উদ্বোধন আরম্ভ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে বিরোধীদের একের পর এক নিশানা লেগেই আছে। শ্রীভূমি স্পোর্টিং-এর ভিড় নিয়ে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ।
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে আলোড়ন ছড়িয়েছে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। তাতে নতুন মাত্রা যোগ করে সম্প্রতি বিজেপি কর্মীদের বিক্ষোভের ঘটনা ঘিরে দুই সুর শোনা যায় দুই শীর্ষ নেতা, দলের বর্তমান ও প্রাক্তন রাজ্য সভাপতির গলায়।







