অযোধ্যার রাম মন্দির এবং ভগবান রামকে ঘিরে তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদের একটি মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। রাম মন্দিরে না যাওয়ার ঘোষণা এবং মা সীতার প্রসঙ্গ টেনে কীর্তি আজাদের করা মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ভারতীয় জনতা পার্টি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে বিরোধী ‘ইন্ডি’ জোটকে সরাসরি ‘সনাতন বিরোধী’ এবং ‘বাবর প্রেমী’ বলে আক্রমণ করা হয়েছে।
সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কীর্তি আজাদ স্পষ্ট জানান যে, তিনি কখনোই অযোধ্যার রাম মন্দিরে যাবেন না। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “আমাদের দেশে ৩,২০০ কোটি দেব-দেবী রয়েছেন, ভগবান রামই কি একমাত্র ঈশ্বর? অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তিনি মা সীতাকে ত্যাগ করেছিলেন। আমি মা সীতার জন্মস্থান মিথিলার সন্তান। মিথিলার প্রতিটি মানুষের কাছে মা সীতা জননীর সমান। তাই আমি সেখানে যাব না।”
এছাড়াও, ভগবান রামের ‘মর্যাদা পুরুষোত্তম’ অভিধা নিয়েও প্রশ্ন তোলেন এই প্রাক্তন ক্রিকেটার ও সাংসদ। তিনি নিজেকে মা কালীর উপাসক হিসেবে উল্লেখ করে জানান যে, তিনি কামাখ্যা, দক্ষিণাকালী এবং কালীঘাটের মতো মন্দিরে পুজো দেন।
কীর্তি আজাদের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই আসরে নামে বিজেপি। দলের মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি পোস্ট করে তৃণমূল এবং বিরোধী জোটকে তীব্র আক্রমণ করেন। তিনি একে “চরম ভোটব্যাঙ্কের রাজনীতি” বলে অভিহিত করেন।
প্রদীপ ভাণ্ডারী লেখেন, “কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীরা সনাতন ধর্মকে ঘৃণা করে! তৃণমূল সাংসদ প্রভু শ্রীরামকে অপমান করছেন। রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব তাদের নেতাদের দিয়ে সনাতন ধর্মকে কলুষিত করার চেষ্টা করছেন।”
আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে বিজেপি মুখপাত্র আরও হুঁশিয়ারি দেন যে, ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে “বাবর প্রেমীদের” মানুষ উপযুক্ত শাস্তি দেবে।







