রাজ্য

রেশনে ওজনে কারচুপি বা নিম্নমানের চাল-গম? অভিযোগ পেলেই এক ঘণ্টায় পদক্ষেপের আশ্বাস খাদ্যমন্ত্রীর

রেশন দোকান থেকে খাদ্যশস্য নিতে গিয়ে ওজনে কম পাওয়া কিংবা নিম্নমানের চাল-গম দেওয়ার অভিযোগ উঠছে? এবার সরাসরি খাদ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর কথা বললেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। তাঁর আশ্বাস, অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রেশনের কালোবাজারি এবং অনিয়ম রুখতে সরকার কড়া নজরদারি চালাচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

শুক্রবার কোচবিহারের রবীন্দ্রভবনে মতুয়া ও নমঃশূদ্র মহাসঙ্ঘের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন খাদ্যমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেশন ব্যবস্থা নিয়ে একাধিক মন্তব্য করেন তিনি। মন্ত্রীর বক্তব্য, রেশনে গমের গুণমান খারাপ হলে কিংবা নির্ধারিত পরিমাণের তুলনায় কম খাদ্যশস্য দেওয়া হলে উপভোক্তারা সরাসরি তাঁর কাছে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই এমন অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি তাঁর। স্পষ্ট বার্তা, অনিয়মের সঙ্গে যুক্ত কেউ ছাড় পাবেন না।

**সোশ্যাল মিডিয়ায় রয়েছে মন্ত্রীর ফোন নম্বর**

অভিযোগ জানানোর জন্য খাদ্যমন্ত্রীর ফোন নম্বর সোশ্যাল মিডিয়ায় দেওয়া রয়েছে বলেও জানিয়েছেন তিনি। ফলে রেশন সংক্রান্ত সমস্যায় পড়লে সাধারণ মানুষ সরাসরি যোগাযোগ করতে পারবেন বলে দাবি মন্ত্রীর।

এদিন আগের সরকারের আমলে রেশনের চাল বাংলাদেশে পাচার করা হত বলেও অভিযোগ করেন অশোক কীর্তনীয়া। তাঁর দাবি, বর্তমানে রেশনের চালের গুণমান আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে। আগামী বছর থেকে উপভোক্তারা আরও ভালো মানের চাল পাবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা এবং উপভোক্তাদের প্রাপ্য খাদ্যশস্য নিশ্চিত করাই যে সরকারের লক্ষ্য, মন্ত্রীর বক্তব্যে সেই বার্তাই উঠে এসেছে। তবে এক ঘণ্টার মধ্যে অভিযোগের নিষ্পত্তির আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.