শীতের আমেজ আসার আগেই ফের দুর্যোগের আশঙ্কা বঙ্গোপসাগরে। সমুদ্রের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী, আগামী মঙ্গলবারের মধ্যে এই নিম্নচাপ আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য এই আবহাওয়া ব্যবস্থাকে ঘিরে ইতিমধ্যেই নজর রাখছেন আবহবিদরা। এর প্রভাব পড়তে পারে বাংলার আবহাওয়াতেও। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আগামী ১৯ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দফতরের রবিবার ভোর সাড়ে পাঁচটার বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় নিম্নচাপটি অবস্থান করছে। শনিবার তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৭০০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, চেন্নাই থেকে ৮৬০ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে এবং বিশাখাপত্তনম থেকে ১০৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এই আবহাওয়া ব্যবস্থা। ওড়িশার গোপালপুর থেকেও এর দূরত্ব প্রায় ১১৬০ কিলোমিটার।
কেন শক্তি বাড়তে পারে নিম্নচাপের? আবহবিদদের মতে, বঙ্গোপসাগরের জলপৃষ্ঠের তাপমাত্রা বর্তমানে প্রায় ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। ফলে পর্যাপ্ত জলীয় বাষ্প ও শক্তি পাওয়ার সুযোগ রয়েছে এই নিম্নচাপের। পাশাপাশি বায়ুপ্রবাহের বাধা বা উইন্ড শিয়ার তুলনামূলক কম থেকে মাঝারি থাকায় ঘূর্ণাবর্তের সংগঠন আরও শক্তিশালী হতে পারে। নিম্নচাপের দক্ষিণ-পশ্চিম অংশে শক্তিশালী মেঘপুঞ্জ তৈরির প্রবণতাও দেখা যাচ্ছে। IOD এবং MJO-র অনুকূল পরিস্থিতিও এর শক্তিবৃদ্ধিতে সহায়ক হতে পারে বলে মনে করছেন আবহবিদদের একাংশ।
তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ, তীব্রতা ও কোথায় প্রভাব পড়বে, তা নিয়ে এখনও নজরদারি চলছে। তাই পরবর্তী আবহাওয়া বুলেটিনের দিকে তাকিয়ে রয়েছেন বিশেষজ্ঞরা।







