রাজনীতি

ভিত্তিহীন বয়ানে বিদেশি নেতার সায়! ‘ভারত সামিট’ ঘিরে কংগ্রেসকে তীব্র আক্রমণ বিজেপির

হায়দ্রাবাদে কংগ্রেস আয়োজিত ‘ভারত সামিট ২০২৬’-এ বিদেশি রাজনৈতিক প্রতিনিধিদের উসকানিমূলক মন্তব্যের জেরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনায় ইতালীয় রাজনীতিবিদ জিয়াকোমো ফিলিবেকের বিরুদ্ধে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে (FRRO) আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে বিজেপি।
সোমবার তেলেঙ্গানা বিজেপির সভাপতি এন রামচন্দ্র রাও শামশাবাদের FRRO দপ্তরে এই অভিযোগপত্র জমা দেন। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই সম্মেলনকে ‘ভারত-বিরোধী সামিট’ বলে অভিহিত করেন। রামচন্দ্র রাওয়ের মতে, কোনো বিদেশি নাগরিক ভারতে এলে তাকে এ দেশের আইন ও নিয়মকানুন মেনে চলতে হবে এবং অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা গ্রহণযোগ্য নয়। বিজেপির অভিযোগ, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে এবং কংগ্রেস সেই ভিত্তিহীন বয়ানকে আন্তর্জাতিক মঞ্চে প্রশ্রয় দিচ্ছে। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ফিলিবেকের মন্তব্যের সময় রাহুল গান্ধীর হাততালি দেওয়ার ঘটনারও তীব্র নিন্দা জানিয়েছে গেরুয়া শিবির।
বিতর্কের সূত্রপাত হয় শনিবার, যখন ‘পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্টস’ (PES)-এর মহাসচিব জিয়াকোমো ফিলিবেক সম্মেলনের ফাঁকে মন্তব্য করেন যে ভারতে গণতন্ত্র বিপন্ন। তিনি গণতন্ত্র রক্ষার স্বার্থে রাহুল গান্ধী ও কংগ্রেসের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক মহলের কাছে আহ্বান জানান এবং হিন্দিতে “ভোট চোর গদ্দি ছোড়” স্লোগান দেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এবং শাসকদলের নেতাদের মতে, তথ্যপ্রমাণহীন এ ধরনের স্লোগান ও মন্তব্য দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে অহেতুক প্রশ্ন তোলে।
এদিকে, ফিলিবেকের এই মন্তব্যের বিরুদ্ধে খোদ ইতালিতেও সমালোচনা শুরু হয়েছে। ইতালীয় আইনপ্রণেতা ডেবোরা বার্গামিনি এই হস্তক্ষেপের বিরোধিতা করে বলেছেন, ভারত ও ইতালির মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে এবং একটি বন্ধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানো উচিত নয়। যে দেশে ৯৭ কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করেন এবং নিজস্ব বিচারব্যবস্থা ও রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছে, সেই দেশকে গণতন্ত্র নিয়ে উপদেশ দেওয়া ইউরোপীয়দের জন্য অনুচিত বলেও মন্তব্য করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.