নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরের ভিতরে থাকা একটি মসজিদে ধর্মীয় আচার পালনের অনুমতি চেয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে তীব্র বাদানুবাদ হল আদালতে। গত জুলাই থেকে বিমানবন্দরের ওই নির্দিষ্ট মসজিদে নামাজ বন্ধ থাকার বিষয়টি নিয়ে মামলাকারীদের তরফে সাংবিধানিক অধিকারের প্রশ্ন তোলা হয়েছে। পাল্টা বিমানবন্দর কর্তৃপক্ষ ও কেন্দ্রের তরফে জোর দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তার বিষয়টির উপর। দু’পক্ষের বক্তব্য শোনার পর আগামী ৭ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে আদালত।
মামলাকারীদের হয়ে আদালতে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী কিশোর দত্ত। তিনি জানান, বিমানবন্দর সম্প্রসারণের জন্য অতীতে বাঁকড়া গ্রামের জমি অধিগ্রহণ করা হয়েছিল। সেখানকার বাসিন্দাদের পরে মধ্যমগ্রামে নিরাপদ দূরত্বে পুনর্বাসন দেওয়া হয়। কিন্তু গত ১১ জুলাই থেকে আচমকাই চিহ্নিত ওই মসজিদে প্রার্থনা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে বলে আদালতে দাবি করেন তিনি।
কিশোর দত্তের বক্তব্য, প্রায় ৪০-৫০ বছর ধরে ওই জায়গায় নিয়মিত নামাজ পড়ার ব্যবস্থা ছিল। তাঁর আরও দাবি, যে জমির উপর মসজিদটি রয়েছে, সেই জমি এখনও পুরোপুরি অধিগ্রহণ করা হয়নি। আদালত জানতে চায়, স্থায়ী নিষেধাজ্ঞার জন্য মামলাকারীরা কেন নিম্ন আদালতের দ্বারস্থ হচ্ছেন না। জবাবে আইনজীবী জানান, তাঁদের যাতায়াতের পথ পরিবর্তন করা হলে বা বিকল্প রাস্তার ব্যবস্থা করা হলে আপত্তি নেই। কিন্তু সম্পূর্ণভাবে প্রার্থনা বন্ধ করে দেওয়া অন্যায় এবং সংবিধানবিরোধী বলে দাবি করেন তিনি।
মামলাকারীদের আইনজীবীর যুক্তি, দীর্ঘ পাঁচ দশক ধরে ওই মসজিদে প্রার্থনা চললেও বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হয়নি। ফলে বর্তমান পরিস্থিতিতেও নিয়ন্ত্রিতভাবে নামাজ পড়ার অনুমতি দেওয়া যেতে পারে। প্রয়োজনে নির্দিষ্ট ব্যক্তিদের তালিকা তৈরি করে তাঁদের প্রবেশের বিষয়টি নথিভুক্ত করার প্রস্তাবও দেন তিনি।
অন্যদিকে বিমানবন্দর কর্তৃপক্ষের আইনজীবী গোপাল মুখার্জি এই দাবির তীব্র বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, বিমানবন্দরের বিভিন্ন দিক দিয়ে সাধারণ মানুষের যাতায়াতের সুযোগ রয়েছে। ওই মসজিদে শুধু প্রার্থনাই নয়, বিভিন্ন ধরনের বৈঠকও হত বলে আদালতকে জানান তিনি। এর ফলে রানওয়ের কাছাকাছি এলাকায় মানুষ ঢুকে পড়ার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। নিরাপত্তার স্বার্থে আরও বেশ কিছু সংবেদনশীল বিষয় রয়েছে বলেও আদালতকে জানান বিমানবন্দর কর্তৃপক্ষের আইনজীবী।
কেন্দ্রের তরফে আইনজীবী ত্রিবেদীও জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে আনেন। তাঁর বক্তব্য, এই ধরনের পরিস্থিতি দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল এবং জাতীয় নিরাপত্তার স্বার্থের সঙ্গে যুক্ত। নিজের বক্তব্যের সমর্থনে ১৯৯৩ সালের লালকেল্লা হামলার প্রসঙ্গও আদালতে তুলে ধরেন তিনি।
দু’পক্ষের সওয়াল-জবাবের মধ্যেই বিচারপতি মন্তব্য করেন, বর্তমানে গোটা বিশ্বেই নিরাপত্তার ফাঁকফোকর একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সাম্প্রতিক দুবাইয়ের একটি বিমানের ঘটনার প্রসঙ্গও শুনানিতে উঠে আসে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের আইনজীবী আদালতের কাছে আবেদন করেন, তাঁদের সম্পূর্ণ বক্তব্য না শুনে যেন কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া না হয়।
আগামী ৭ অক্টোবর ফের এই মামলার শুনানি হবে।
উল্লেখ্য, গত জুলাইয়ে দমদম বিমানবন্দরের সীমানার মধ্যে থাকা মাগুরা মসজিদে নামাজ বন্ধের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে বাঁকড়া এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়। মোতায়েন করা হয়েছিল বিপুল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। ঘটনায় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তীব্র প্রতিবাদ জানিয়ে জমায়েতের ডাক দিলেও পরে সেই কর্মসূচি থেকে সরে আসেন। এখন ৭ অক্টোবরের শুনানিতে আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই নজর রয়েছে।







