রাজ্যে পালাবদলের পর প্রথমবার বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে অবতরণ করে তাঁর বিমান। সেখান থেকে সড়কপথে আইআইটি খড়গপুরের উদ্দেশে রওনা দেন তিনি। দেশের অন্যতম প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষেই প্রধানমন্ত্রীর এই রাজ্য সফর। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কলাইকুণ্ডায় নামার পর হেলিকপ্টারে করে আইআইটি খড়গপুরের হেলিপ্যাডে পৌঁছনোর কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে সেই পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়। শেষ পর্যন্ত সড়কপথেই গন্তব্যে পৌঁছন মোদি। তবে যাত্রাপথ বদল হলেও নির্ধারিত সময়ের মধ্যেই আইআইটি ক্যাম্পাসে হাজির হন তিনি।
খড়গপুরে পৌঁছে প্রথমে ৭৫ জন পড়ুয়ার সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। তাঁদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলার পাশাপাশি ভবিষ্যৎ জীবনের জন্য প্রয়োজনীয় পরামর্শও দেন। এরপর ক্যাম্পাসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। উল্লেখ্য, এই আইআইটি ক্যাম্পাসেই প্রথম চালু হয়েছে ডাক্তারি পাঠ্যক্রম। সেই চত্বরও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়।
আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের তরফে একটি স্মারক মুদ্রা প্রকাশ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর হাত ধরেই সেই মুদ্রার আনুষ্ঠানিক উন্মোচন হবে। এরপর অনুষ্ঠানে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি। সকাল ১১টায় মূল অনুষ্ঠান শেষ করে তাঁর দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা।
পুরো অনুষ্ঠানের বিস্তারিত সূচি জানিয়েছেন আইআইটি খড়গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী। উল্লেখ্য, এর আগে ২১ নভেম্বর প্রধানমন্ত্রীর বঙ্গ সফর ঘিরে মেট্রো প্রকল্প উদ্বোধনের জল্পনা তৈরি হয়েছিল। তবে পরবর্তীতে স্পষ্ট হয়, মেট্রো উদ্বোধন নয়, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতেই রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী।







