সন্দেশখালি, দক্ষিণ ২৪ পরগনা: দুর্গাপুজোর পরেই দক্ষিণবঙ্গ ঝড়-বৃষ্টির কবলে পড়ল। দশমীর বিকেলে সন্দেশখালির ১ নম্বর ব্লকের আগরহাটি এলাকায় আচমকা এক শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। স্থানীয় সূত্রের খবর, ঝড়ের তাণ্ডবে কয়েকশো বাড়ির বড়সড় ক্ষতি হয়েছে, বহু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে এবং টিনের চাল উড়ে গেছে। এছাড়াও ঝড়ে ১৫-২০টি বিদ্যুতের খুঁটি উপড়ে গেলে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ঝড়ে কমপক্ষে ৬ জন আহত হয়েছে। খবর পেয়ে স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো ও বিডিও সায়ন্তন সেন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ব্যবস্থা নেন। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। আপাতত কোনও প্রাণহানির খবর নেই।
প্রশাসন দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পাঠানো শুরু করেছে। বিধায়ক সুকুমার মাহাতো নিজে ত্রাণকাজ তদারকি করছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, একাদশীর দিনেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ার কিছু অংশে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।







