প্রতিদিনের খাবারের তালিকায় ডাল, ভাত আর সাধারণ তরকারি থাকতে থাকতে অনেক সময় মুখের স্বাদ বদলাতে ইচ্ছে করে। অথচ নতুন কোনও পদ রান্না করতে বেশি সময় বা ঝক্কি নিতে চান না অনেকেই। তাঁদের জন্য দারুণ বিকল্প হতে পারে টক আলু। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করা যায় এই সুস্বাদু পদ। লুচি, পরোটা কিংবা গরম ভাত—সব কিছুর সঙ্গেই জমে যাবে এই চটপটা আলুর পদ।
**কী কী লাগবে?**
– সেদ্ধ আলু ৪-৫টি
– গোটা জিরে ১ চা চামচ
– হিং ১/৪ চা চামচ
– আদা কুচি ১ চা চামচ
– কাঁচা লঙ্কা ২টি
– হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
– লাল লঙ্কার গুঁড়ো ১/২ চা চামচ
– ধনে গুঁড়ো ১ চা চামচ
– গরম মশলা ১/৪ চা চামচ
– আমচুর গুঁড়ো অথবা ফেটানো টক দই
– তেল ২ টেবিল চামচ
– স্বাদমতো নুন
– কুচনো ধনেপাতা
**কীভাবে বানাবেন টক আলু?**
প্রথমে সেদ্ধ আলু মাঝারি মাপের টুকরো করে কেটে রাখুন। এবার কড়াইতে তেল গরম করে গোটা জিরে ও হিং ফোড়ন দিন। জিরের সুন্দর গন্ধ বেরোলে তাতে আদা কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।
এরপর আঁচ কমিয়ে হলুদ, লাল লঙ্কা ও ধনে গুঁড়ো দিয়ে সামান্য নাড়াচাড়া করুন। মশলা যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার সেদ্ধ আলু ও পরিমাণমতো নুন দিয়ে মাঝারি আঁচে ৩-৪ মিনিট কষিয়ে নিন।
আলুর সঙ্গে মশলা ভালোভাবে মিশে গেলে স্বাদ অনুযায়ী আমচুর গুঁড়ো অথবা ফেটানো টক দই মিশিয়ে দিন। এবার সামান্য জলে গরম মশলা গুলে কড়াইতে ঢেলে দিন। ঢাকনা দিয়ে কম আঁচে আরও ২ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে টক আলু।
সবশেষে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। অল্প সময়ে তৈরি এই চটপটা পদ দিয়ে বদলে ফেলুন রোজকার খাবারের স্বাদ।







