ভাইরাল

মন ভাঙা থেকে শীতের পা ফাটা—সব সমস্যার একটাই দাওয়াই, নেটপাড়ায় ঝড় তুলল মিস্ত্রির ‘গ্রাউট ভর দেঙ্গে’!

জীবনটা কি একদম এলোমেলো হয়ে গেছে? ব্রেকআপের পর মনটা টুকরো টুকরো, নাকি মাসের শেষে পকেটে টান? চিন্তার কোনো কারণ নেই! থেরাপিস্ট বা ডাক্তারের পেছনে হাজার হাজার টাকা খরচ না করে সোজা চলে যান নেটপাড়ার নতুন ‘লাইফ কোচ’-এর কাছে। তার কাছে আপনার জীবনের সব ফাটলের একটাই জাদুকরী সমাধান আছে— “গ্রাউট ভর দেঙ্গে” (গ্রাউট দিয়ে ভরে দেব)!
সম্প্রতি ইনস্টাগ্রাম খুললেই কানে বাজছে এই একটিই সংলাপ। আর এই ভাইরাল ট্রেন্ডের নেপথ্যে রয়েছেন নাসিম আলভি নামে এক সাধারণ টাইলস মিস্ত্রি। গত ২৮ সেপ্টেম্বর নিজের কাজের একটি সাধারণ ভিডিও শেয়ার করেছিলেন তিনি। সেখানে টাইলসের মাঝের ফাঁকা জায়গা সিমেন্ট ও বালির বিশেষ পেস্ট বা ‘গ্রাউট’ দিয়ে ভরাট করার কথা বলে তিনি আত্মবিশ্বাসের সাথে জানান, কাজ শেষ হলে কেউ ধরতেই পারবে না যে ওখানে কোনো ফাটল ছিল!
ব্যস, নেটিজেনদের আর পায় কে! মিস্ত্রির এই নির্বিকার অথচ চরম আত্মবিশ্বাসী সংলাপকে লুফে নিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটররা। ঘরের মেঝের ফাটল সারানোর এই পেস্ট এখন হয়ে উঠেছে জেন-জিদের ইমোশনাল ড্যামেজ সারানোর মহৌষধ।
কেউ প্রেমে ধোকা খেয়ে ভাঙা হৃদয় জোড়া লাগাতে ডাকছেন নাসিম ভাইকে, তো কেউ আবার শীতের শুরুতেই গোড়ালি ফাটা সারাতে চাইছেন ‘গ্রাউট’। এমনকি বিয়ের সিঁদুর পরানো থেকে শুরু করে মাসের শেষে পকেটের ছিদ্র বন্ধ করা—সব কিছুতেই এখন একটাই উত্তর, “গ্রাউট ভর দেঙ্গে”!
রাতারাতি ইন্টারনেট সেনসেশন বনে যাওয়া নাসিম আলভি নিজেও নেটিজেনদের এই পাগলামি দেখে বেশ আপ্লুত। ভিডিওর মাধ্যমে ভক্তদের ভালোবাসার জন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি। নেটদুনিয়ার এই মজার ট্রেন্ড প্রমাণ করে দিল, সমস্যা যতই গুরুতর হোক না কেন, একটু রসবোধ আর সামান্য ‘গ্রাউট’ থাকলে সবই সামলে নেওয়া সম্ভব!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.