বোলপুর-শ্রীনিকেতন ব্লকের সিয়ান মুলুক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডিহিপাড়া এলাকার গ্রামবাসীদের একাংশ এই অভিযোগ আবাস যোজনায় বাড়ি করার সময় টাকা দিতে হয়েছে তৃণমূল নেতাদের।
শনিবার সকালে কেন্দ্রীয় দলের দুই সদস্যের দল যায় ডিহিপাড়া গ্রামে। মূলত ২০১৮-১৯, ২০১৯-২০ ও ২০২১-২২ অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি হওয়া বাড়িগুলি কাদের নামে এসেছিল, সেই বাড়ি তারা পেয়েছেন কিনা, বাড়ি তৈরির বরাদ্দ টাকা তারা পেয়েছে কিনা, বাড়িতে শৌচালায় আছে কি না, তা করে দিতে কোনও টাকা দিতে হয়েছে কি না এই সব বিষয়ে সমীক্ষায় যায় তারা।
বোলপুর-শ্রীনিকেতন ব্লকের বিডিও সত্যজিত্ বিশ্বাস, বোলপুর-শ্রীনিকেতন ব্লকের প্রধানমন্ত্রী আবাস যোজনার নোডাল অফিসার তন্ময় পাতিল-সহ বিভিন্ন সরকারি আধিকারিকদের সামনেই গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। অনেকে আবাস যোজনার বাড়ি না-পাওয়ারও অভিযোগ জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক কিছু গ্রামবাসী জানান, ‘টাকা না দিলে বাড়ি হবে না বলেছিল। তাই বাধ্য হয়ে তখন আমরা বাড়ির জন্য টাকা দিয়েছি। এই বিষয়টি এ দিন কেন্দ্রীয় প্রতিনিধি দলকে আমরা জানিয়েছি।’ এই বিষয়ে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল জানান, ‘গ্রামবাসীরা বাস্তবটাই তুলে ধরেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে। কারণ তৃণমূল টাকা ছাড়া কোনও কাজই করে না’
এই বিষয়ে সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ জানান, ‘এটা যে তাঁরা প্রকাশ্যে বলতে পারছে তা ভবিষ্যতের জন্য একটা ভাল দিক।’ যদিও এই বিষয়ে সিয়ান মুলুক এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ আনউয়ারুল ইসলাম বলেন, ‘ আমি কিছু দিন আগে অঞ্চল সভাপতি দায়িত্বে এসেছি। আগে কী হয়েছে বলতে পারব না।’







