আয়রনের ঘাটতির মতো গুরুতর পুষ্টিহীনতা রোধে এবার বড় ভূমিকা নিতে চলেছে এক বিশেষ ধরনের পুষ্টিসমৃদ্ধ আলু। দক্ষিণ আমেরিকার দেশ পেরুর ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার (CIP) আয়রন-সমৃদ্ধ এই জৈব-পুষ্টিকর (biofortified) আলু তৈরি করেছে, যা এবার ভারতের জন্যও আশার আলো হয়ে উঠতে পারে। ইতিমধ্যেই এই আলুর জিনগত উপাদান (germplasm) হস্তান্তর করা হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ (ICAR)-এর অধীনস্থ সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট (CPRI)-এর কাছে।
এই আলুকে ভারতীয় পরিবেশ ও জলবায়ুর উপযোগী করে তুলতে শিমলায় অবস্থিত CPRI-তে শুরু হবে গবেষণা। সফল হলে নির্দিষ্ট কিছু অঞ্চলে কৃষকদের মাধ্যমে পরীক্ষামূলক চাষ শুরু করা হবে। তার পরেই মিলবে বাণিজ্যিক উৎপাদনের ছাড়পত্র।
CIP-এর ডিরেক্টর জেনারেল সায়মন হেক জানিয়েছেন, “পেরুতে আয়রনের ঘাটতির মোকাবিলায় আমরা এই বিশেষ আলুর জাত তৈরি করেছি। সেখানকার ফল খুবই ইতিবাচক। ভারতে এর প্রয়োগ হলে একই রকম সুফল মিলতে পারে।”
কেন গুরুত্বপূর্ণ এই নতুন আলু?
ভারতে প্রতি বছর আলুর উৎপাদন বাড়লেও, মহিলাদের মধ্যে আয়রনের ঘাটতি বা রক্তাল্পতা (অ্যানিমিয়া) একটি ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (2019–21) অনুযায়ী, ১৫ থেকে ৪৯ বছর বয়সি ভারতীয় নারীদের মধ্যে প্রায় ৫৭ শতাংশই অ্যানিমিয়ায় আক্রান্ত।
এই প্রেক্ষাপটে খাদ্যের মাধ্যমে সহজে পুষ্টি পৌঁছে দেওয়ার কৌশল হিসেবে উঠে আসছে জৈব-পুষ্টিকরণ (biofortification)। এই প্রযুক্তির মাধ্যমে ফসলের মধ্যে জিনগত পদ্ধতিতে বিশেষ পুষ্টি উপাদান, যেমন আয়রন, বৃদ্ধি করা হয়। সাধারণ আলুর তুলনায় এই নতুন আলুতে আয়রনের পরিমাণ ৪০–৮০ শতাংশ পর্যন্ত বেশি।
CIP প্রায় ১৬ বছর ধরে গবেষণা চালিয়ে এই আলু তৈরি করেছে। দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে তারা এমন বৈশিষ্ট্যও যোগ করেছে, যাতে এই আলু লেট ব্লাইট, ভাইরাস সংক্রমণ, উচ্চ তাপমাত্রা ও খরার মতো সমস্যার প্রতিও প্রতিরোধী হয়।
২০১৮ সালে পেরুর বিভিন্ন অঞ্চলে কৃষকদের মাধ্যমে এই আলুর প্রায় ৩০টি ক্লোন পরীক্ষামূলকভাবে রোপণ করা হয়েছিল। পরবর্তীতে ৫০টির বেশি ক্লোন আফ্রিকা ও এশিয়ার অংশীদার দেশগুলিতে পাঠানো হয় স্থানীয় পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার উদ্দেশ্যে।
উল্লেখ্য, CIP-এর তৈরি ভিটামিন-এ সমৃদ্ধ মিষ্টি আলু ইতিমধ্যেই ভারতের কিছু রাজ্য, যেমন ওড়িশা, কর্নাটক ও পশ্চিমবঙ্গে চাষ হচ্ছে এবং তাতে ভালো ফল মিলেছে।
২০২৩ সালে The Journal of Nutrition-এ প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে, এই নতুন আলু থেকে আয়রনের শোষণ ক্ষমতা সাধারণ আলুর তুলনায় প্রায় ৪৫.৮ শতাংশ বেশি। গবেষণাটি চালানো হয়েছিল পেরুর পাহাড়ি অঞ্চলের মহিলাদের উপর।
ICAR-এর প্রাক্তন ডিজি ও খ্যাতনামা জিনতত্ত্ববিদ ত্রিলোচন মহাপাত্র মনে করেন, “ভারতের পুষ্টিহীনতা মোকাবিলায় জৈব-পুষ্টিকরণ অত্যন্ত কার্যকরী এক অস্ত্র। ইতিমধ্যেই ভারতীয় গবেষণা প্রতিষ্ঠানগুলি ১০০-রও বেশি জৈব-পুষ্টিকর ফসল তৈরি করেছে।”
বিজ্ঞানীদের আশা, আয়রন-সমৃদ্ধ এই আলু শুধু অ্যানিমিয়ার বিরুদ্ধে লড়াইয়েই নয়, বরং দেশের সামগ্রিক পুষ্টি-নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এখন দেখার, মাঠপর্যায়ে পরীক্ষার পর এই আলু কতটা কার্যকর হয়ে ওঠে ভারতীয় প্রেক্ষাপটে।







