নিজস্ব সংবাদদাতা : আপাতত কিছুদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে তারাপীঠ মন্দিরের মূল গর্ভগৃহ। আগামী ২৫শে অগষ্ট আবার তা খুলে দেওয়া হবে ভক্তদের জন্য। এই কটাদিন মন্দিরের মূল গর্ভগৃহে পুজো হবে না ‘তারা মা’-এর । মন্দিরের পাশেই চন্দ্রচূড় ভৈরব মন্দিরে ‘তারা মা’কে প্রতিষ্ঠিত করে পুজো করা হবে। তারাপীঠ মন্দিরের গর্ভগৃহের ভিতরে সংস্কারের কাজ চলার জন্যই এই সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ।
সোমবার ভোরে চন্দ্রচূড় ভৈরব মন্দিরে ‘তারা মা’-এর প্রতিষ্ঠানের পরেই হবে মঙ্গল-আরতি। আজ থেকে ভক্তরা চন্দ্রচূড় ভৈরব মন্দিরেই তারা মা’য়ের পুজো দিতে পারবে। আপাতত এই ৫ দিন চন্দ্রচূড় ভৈরব মন্দিরেই ‘মা তারা’ অধিষ্ঠিত থাকবেন। আগামী শুক্রবার অর্থাৎ ২৫ অগাস্ট সন্ধ্যায় ‘তারা মা’কে আবার মূল মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত করা হবে
তারাপীঠ মন্দিরের মূল গর্ভগৃহ থেকে ‘তারা মা’-এর মূর্তি অন্যত্র সরানো নিয়ে মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘গত কয়েক বছর ধরে মন্দিরের ভিতরের অংশের কোনো সংস্কার করা হয়নি। সামনেই কৌশিকী অমাবস্যা। সেই তিথিতে তারাপীঠে প্রচুর ভক্তের সমাগম হয়। বর্তমানে রেলের কাজ চলায় তারাপীঠে পুন্যার্থীদের সংখ্যা কম। এই সুযোগকে কাজে লাগিয়েই এবার মন্দিরের ভিতরের অংশের সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পুন্যার্থীরা এলে তাঁদের যাতে পুজো দিতে কোনও অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে।ঠিক সেই কারণেই চন্দ্রচূড় ভৈরব মন্দিরে মা তারাকে প্রতিষ্ঠিত করে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’







