এক বড়সড় জালিয়াতি চক্রের পর্দাফাঁস করল গাইঘাটা থানার পুলিশ। অভিযোগ—কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্বাক্ষর নকল করে তৈরি করা হচ্ছিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ‘পারিবারিক সদস্য’ কার্ড! আর এই জালিয়াতির আঁতুড়ঘর ছিল ঠাকুরবাড়ির পাশের একটি সাইবার ক্যাফে।
ধৃত সবুজ মণ্ডল ও তাঁর স্ত্রী মিরা মণ্ডল, যাঁরা ঠাকুরনগরের বাসিন্দা ও সেই সাইবার ক্যাফের মালিক, তাঁদের বুধবার শান্তনু ঘনিষ্ঠ কিছু মতুয়া নেতা পুলিশের হাতে তুলে দেন। অভিযোগ পেয়ে তৎপর হয় গাইঘাটা থানার পুলিশ। তদন্তে নেমে ওই ক্যাফে থেকে উদ্ধার হয় নকল করা ১৪টি মতুয়া কার্ড ও একটি কম্পিউটারের হার্ডডিস্ক, যাতে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য।
পুলিশ জানিয়েছে, ওই দম্পতিকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে এবং ধৃত সবুজ মণ্ডলের পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে।
তদন্তকারীদের অনুমান, এই জালিয়াতি কাণ্ডে আরও অনেকে জড়িত থাকতে পারে। ইতিমধ্যেই শুরু হয়েছে এই চক্রের শিকড় খোঁজার কাজ। কে বা কারা এই চক্রের মাথা, কার নির্দেশে এমন স্পর্শকাতর স্বাক্ষর নকল করার সাহস—সবই খতিয়ে দেখছে তদন্তকারীরা।
রাজনৈতিক মহলে ইতিমধ্যেই ছড়িয়েছে তীব্র প্রতিক্রিয়া। প্রশ্ন উঠছে, জনপ্রতিনিধিদের নাম ব্যবহার করে সাধারণ মানুষের আবেগকে কীভাবে কেউ ব্যবহার করতে পারে! মতুয়া মহাসংঘ জানিয়েছে, এ ধরনের জালিয়াতির বিরুদ্ধে তারা কঠোর আইনি পদক্ষেপ নেবে।
ঘটনার জেরে গোটা ঠাকুরনগর জুড়েই ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।







