নিজস্ব সংবাদদাতা : গত বৃহস্পতিবার ‘মায়াভা চায়াভা’ গানের হাত ধরে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হলেন শ্রেয়া ঘোষাল। এখনও পর্যন্ত গানের কেরিয়ারে এই নিয়ে পঞ্চমবার জাতীয় পুরস্কার হাতে নিলেন এই বাঙালি গায়িকা। তামিল ছবি ‘ইরাভিন নিজহাল’-এর ‘মায়াভা চায়াভা’ গানের জন্য সেরা গগায়িকার খেতাব অর্জন করেছেন তিনি। কিন্তু ইন্ডাস্ট্রিতে লিঙ্গবৈষম্যের কারণে বারবার বাধা আসে তাঁর।
উল্লেখ্য কিছু দিন আগে এমনই একটি বিতর্কে জড়িয়েছিলেন শ্রেয়া। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির গান ‘তুম কেয়া মিলে’-তে অরিজিত্ সিং এবং তাঁর অংশের ভাগাভাগি এবং প্রচার নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেক ভক্ত। সম্প্রতি তা নিয়ে মুখ খুলেছেন বাঙালি গায়িকা। অভিযোগ গানটি যখন ঘোষণা করা হয়, সেই পোস্টে অরিজিত্ সিংকে কৃতিত্ব দেওয়ার সময় শ্রেয়া ঘোষালের নাম বাদ দেওয়া হয়েছিল। ভক্তরা প্রতিক্রিয়ার ঝড় তুলেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, লিঙ্গ পক্ষপাত এবং শিল্পে পুরুষ ও মহিলা শিল্পীদের প্রতি অসম আচরণ লক্ষ করা যাচ্ছে।
সম্প্রতি একটি সাক্ষাতকারে লিঙ্গ বৈষম্যের প্রতি ইন্ডাস্ট্রির সামান্য পক্ষপাতের কথা স্বীকার করেন শ্রেয়া।তিনি বলেন, ”এটি শুধু সঙ্গীত বা ছবির জগতে নয়, আলোচনা শুধুমাত্র অভিনেত্রী বা সঙ্গীতশিল্পীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, প্রতিটি কোম্পানি, প্রতিটি শিল্পে এটাই চলে আসছে। সব ক্ষেত্রে এটি একটি সাধারণ গল্প এবং সাধারণ লড়াই। সমস্ত মহিলা প্রতিনিয়ত এর সম্মুখীন হন। শুধু এই দেশে নয়, এ সমস্যা বিশ্বব্যাপী।”







