নিজস্ব সংবাদদাতা: অন্যান্য বছরের মতন চলতি বছরের ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে পাঁচদিন ব্যাপী পালিত হচ্ছে অনাবিল আনন্দের উৎসব ঝুলন এবং রাখীপূর্ণিমা উৎসব। অনুষ্ঠানটি চলবে ২৭শে অগাস্ট ২০২৩ রবিবার থেকে ৩১শে অগাস্ট ২০২৩ বৃহস্পতিবার পর্যন্ত। চলতি বছর মায়াপুরে ৩৯ তম ঝুলন ও রাখী পূর্ণিমা উৎসব পালন করা হচ্ছে। রবিবার বিকেল ৫টায় চন্দ্রোদয় মন্দির থেকে শ্রী শ্রী রাধামাধবকে বর্ণাঢ্য সংকীৰ্ত্তন শোভাযাত্রা সহকারে ঝুলন মন্ডপে নিয়ে যাওয়া হয়েছে। অনুষ্ঠানটি হয়েছে রাত্রি ৮.৩০ মিনিট পর্যন্ত। আরতি, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, দীপ দান, হিন্দোল ক্রীড়া এবং প্রসাদ বিতরণ ইত্যাদি কার্যক্রম ছিল এই দিনের বিশেষ কর্মসূচিতে।প্রতিবছরের মতন এই বছরেও দেশ বিদেশের বহু ভক্তবৃন্দ এই উৎসবে অংশগ্রহণ করেছেন।
শ্রাবণ মাসের শুক্লা পক্ষের একাদশী তিথি থেকে পূর্নিমা তিথি পর্যন্ত চলে ঝুলন যাত্রা উৎসব।বৃন্দাবনের রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে ঈশ্বরের অবতার হিসাবে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। কৃষ্ণ ও রাধারানীর যে মাধুরী ও প্রেম প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল, তারই লীলা স্বরূপ ঝুলন যাত্রা পালিত হয়।রাধা কৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জবনে বিশুদ্ধ প্রেমের আদান- প্রদানের মাধ্যমে এই জীবজগতে প্রথম প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন আর সেই লীলার নানা রূপ এই যুগে ঝুলনযাত্রায় পরিবেশিত হয়।
সারা বছর ধরে তিল তিল করে গড়ে তোলা হয় ঝুলন মণ্ডপটি। গুরুকুল ও গোশালার পাশে অবস্থিত ঝুলন মণ্ডপটি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, সুশীতল ছায়ানীড়, ফুল ফলে ভরা, বনরাজিতে সুসজ্জিত মনোমুগ্ধকর আলোক মালা ও কৃত্রিম ফোঁয়ারার ঐক্যতানে আপনাকে পৌঁছে দেবে অন্য এক অপ্রাকৃত জগতে। প্রত্যক্ষ দর্শন না করলে এর অপার মহিমা বোঝা দুঃসাধ্য। মনের মণিকোঠায় ভেষে উঠবে পরমেশ্বর ভগবান রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার অপ্রাকৃত ছবি। ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস সাংবাদিকদের জানালেন, ঝুলন প্রেমের উৎসব, মিলনের উৎসব, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মহামিলনের উৎসব। পরস্পরকে আপন করে নেওয়ার উৎসব। ঝুলন ও রাখীপূর্ণিমা উৎসব দেশভক্তি, দেশপ্রেম ও আধ্যাত্মিক বিকাশ সাধনের উৎসব। পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা জানাই, ঝুলন ও রাখীপূর্ণিমা উৎসব প্রসারিত হোক, সমাজ জীবনের প্রতিটি কোনে কোনে। এভাবেই বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হোক প্রেম, মৈত্রী, ভালোবাসা, দৃঢ় হোক মানব মেলবন্ধন।







