রাশিয়াকে ঘিরে ইউরোপীয় দেশগুলির প্রকাশ্য মন্তব্যে সংযমের পরামর্শ দিল আমেরিকার প্রতিরক্ষা দফতর পেন্টাগন। সূত্রের খবর, ইউরোপের একাধিক ন্যাটো সদস্য দেশকে ব্যক্তিগতভাবে এই বার্তা দিয়েছে ওয়াশিংটন। তাদের বক্তব্য, রাশিয়ার সম্ভাব্য হুমকি নিয়ে ইউরোপীয় নেতাদের কিছু প্রকাশ্য মন্তব্য মহাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
চারটি সূত্রের দাবি, গত কয়েক সপ্তাহে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে বাল্টিক অঞ্চলের তিন দেশ—লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া। মস্কোকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার ক্ষেত্রে এই দেশগুলিকে আরও সতর্ক ও সংযত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রাশিয়া-ইউরোপ সম্পর্কের টানাপোড়েনের আবহে পেন্টাগনের এই অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ন্যাটোর সদস্য দেশগুলির মধ্যে রাশিয়াকে মোকাবিলার কৌশল নিয়ে মতপার্থক্যের সম্ভাবনা নতুন করে আলোচনায় উঠে এসেছে। তবে এ বিষয়ে পেন্টাগনের আনুষ্ঠানিক বক্তব্য এখনও স্পষ্ট নয়।







