ভারত পহেলগাঁও হামলার বদলা নিয়েছে মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের ওপর ‘অপারেশন সিঁদুর’ দিয়ে। ৯টি জঙ্গী ঘাঁটিকে এয়ারস্ট্রাইকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ভারত। এই ঘটনার পর ভারতকে বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার রাতে দেশের মানুষের উদ্দেশে ভাষণ দিয়ে তিনি বলেন,”গতকাল রাতে ভারত যে ভুল করল, তার বিরাট মূল্য চোকাতে হবে ভারতকে।”
তিনি আরও বলেন,”ভারত সরাসরি পাকিস্তানের সার্বভৌমত্বে আক্রমণ করেছে। এর প্রত্যাঘাত করা হবেই। নিরাপরাধ শহিদদের প্রতিটি রক্তের ফোঁটার বদলা নেওয়া হবে। ভারত কঠোর পরিণতি ভোগ করার জন্য তৈরি হোক।” তাঁর দাবি, তাঁরা ভারতের ৫টি ফাইটার জেট ধ্বংস করেছেন। যদিও এর সাপেক্ষে তাঁরা কোনো প্রমাণ দিতে পারেনি এবং ভারতও এই বিষয়ে কিছু উল্লেখ করেনি। তারপরেও তিনি জানান,”গতকাল রাতে আমরা দেখিয়ে দিয়েছি, পাকিস্তানও নিজের প্রতিরক্ষার জন্য জবাব দিতে পারে। নিয়ন্ত্রণ রেখায় এক ঘণ্টা ধরে গুলির লড়াই হয়েছে। পাকিস্তানি পাইলটরা নিজেদের এয়ারস্পেসে থেকেই শত্রুদের বিমান ধ্বংস করে দিয়েছে।” এই ঘটনার পরেও কাশ্মীর নিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন,”আন্তর্জাতিক আইন অনুসারে জম্মু ও কাশ্মীর হল বিতর্কিত ভূখণ্ড এবং যতদিন না কিছু করা হচ্ছে, তাই-ই থাকবে। ভারত যতই নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিক না কেন, তারা বাস্তব বদলাতে পারে না।”







