ক্রাইমবিদেশ

ইসলামাবাদে কন্টেন্ট ক্রিয়েটর সানা ইউসুফকে গুলি করে হত্যা, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ও ন্যায়বিচারের দাবি

ইসলামাবাদের চিত্রাল এলাকায় ১৭ বছর বয়সী জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সানা ইউসুফকে নিজ বাড়িতে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এক অজ্ঞাত ব্যক্তি তার বাসায় প্রবেশ করে খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় সানাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) রাখা হয়েছে।

সানার এই নির্মম হত্যাকাণ্ড ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। #JusticeForSanaYousuf হ্যাশট্যাগে ইনস্টাগ্রাম, X এবং অন্যান্য প্ল্যাটফর্মে লাখো মানুষ ন্যায়বিচার দাবি করছেন।

চার লক্ষাধিক ফলোয়ারের সানা ছিলেন একজন সুপরিচিত ইনফ্লুয়েন্সার। সমাজকর্মীর কন্যা সানা তার কনটেন্টে চিত্রালের সংস্কৃতি, নারী অধিকার, শিক্ষা এবং সমাজ সচেতনতামূলক বার্তা তুলে ধরতেন। তার কনটেন্টের ভিন্নতা ও স্পষ্ট বক্তব্যের কারণে তিনি তরুণদের মাঝে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠেন।

পুলিশ জানিয়েছে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে তারা ধারণা করছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সানার মৃত্যু শুধু তার পরিবার বা ভক্তদের নয়, পুরো ডিজিটাল কমিউনিটিকে স্তব্ধ করে দিয়েছে। মালালা ইউসুফজাইয়ের ওপর হওয়া হামলার মতোই, এই ঘটনাও নারী কণ্ঠকে স্তব্ধ করার একটি প্রচেষ্টা বলেই মনে করছেন অনেকে। সমাজের বিভিন্ন মহল থেকে উঠছে একটি জোরালো দাবি—“তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.