বিনোদন

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক থেকে বাদ পড়লেন চিত্রগ্রাহক প্রতীক শাহ, যৌন হেনস্থার অভিযোগে সম্পর্ক ছিন্ন নির্মাতাদের

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীভিত্তিক সিনেমা থেকে বাদ পড়লেন চিত্রগ্রাহক প্রতীক শাহ। হলিউড রিপোর্টার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, প্রজেক্টটির নির্মাতারা তাঁর সঙ্গে সমস্ত রকম পেশাগত সম্পর্ক ছিন্ন করেছেন। জানা গেছে, ছবিটির প্রস্তুতির অংশ হিসেবে শাহ সম্প্রতি লন্ডনে রেইকি করছিলেন, তবে দেশে ফেরার পরই তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অভিযোগ সামনে আসার পরই প্রযোজক ও পরিচালকরা সিদ্ধান্ত নেন শাহকে প্রকল্প থেকে সরিয়ে দেওয়ার।

ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। এর আগে শাহ এবং মোতওয়ানে একসঙ্গে কাজ করেছেন ‘সিটিআরএল’ এবং জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জুবিলি’-তে। বায়োপিকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও। যৌন হেনস্থার অভিযোগ প্রথমে সোশ্যাল মিডিয়ায় উত্থাপন করেন পরিচালক অভিনব সিং। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি শাহকে ‘অত্যন্ত ম্যানিপুলেটিভ’ এবং ‘ইমোশনালি অ্যাবিউসিভ’ বলে অভিহিত করেন। যদিও প্রথমে নাম প্রকাশ করেননি, পরে আরও অনেক নারীর কাছ থেকে অভিজ্ঞতার বিবরণ পেয়ে তিনি সরাসরি প্রতীক শাহের নাম প্রকাশ করেন এবং সতর্কবার্তা দেন।

প্রতীক শাহ এর আগে ধর্মা প্রোডাকশনের ‘হোমবাউন্ড’ সিনেমার চিত্রগ্রাহক হিসেবেও কাজ করেছেন। ছবিটি চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে ‘আন সার্টেন রিগার্ডস” বিভাগে প্রদর্শিত হয়ে আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে। ধর্মা প্রোডাকশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘হোমবাউন্ড’-এর প্রযোজনার সময় প্রতীকের বিরুদ্ধে কোনও আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা এবং সোমেন মিশ্র। এতে অভিনয় করেছেন ঈশান খট্টর, জাহ্নবী কাপুর এবং বিশাল জেঠওয়া। ছবিটি কান উৎসবে স্ট্যান্ডিং ওভেশনও পেয়েছে। নির্মাতারা এখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের জন্য নতুন সিনেমাটোগ্রাফার খুঁজছেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.