বিনোদন

মিস ওয়ার্ল্ডের মঞ্চে মহানুভবতার স্বীকৃতি পেলেন সোনু সুদ

সিনেমায় ভিলেনের চরিত্রে দেখা গেলেও বাস্তবে তিনি যে সত্যিকারের নায়ক, তা আবারও প্রমাণ করলেন অভিনেতা সোনু সুদ। মহামারীর সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবার মিস ওয়ার্ল্ডের মঞ্চে বিশেষ সম্মানে ভূষিত হলেন এই বলিউড তারকা। রবিবার হায়দরাবাদে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ২০২৪-এর এক বিশেষ পর্বে দক্ষিণী অভিনেতা রানা দাগ্গুবতীর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন সোনু সুদ। করোনাকালে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো, দরিদ্র শিশুদের শিক্ষা এবং অসংখ্য মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার মতো মানবিক কাজের স্বীকৃতিতেই তাঁকে এই বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে।

পুরস্কার পাওয়ার পর অভিনেতা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একাধিক ছবি শেয়ার করেন। প্রথম ছবিতে দেখা যায়, কালো শার্ট পরা সোনু সুদ হাতে পুরস্কার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। পরবর্তী ছবিগুলিতে ধরা পড়েছে পুরস্কার নেওয়ার বিভিন্ন মুহূর্ত ও ফটোশুটের দৃশ্য। এই পোস্টের সঙ্গে একটি আবেগঘন বার্তাও দেন অভিনেতা। তিনি লেখেন,”এই পুরস্কার সেই মায়েদের জন্য, যাঁরা সন্তানের ঘরে ফেরার অপেক্ষায় দিন কাটিয়েছেন। সেই ছাত্রদের জন্য, যাঁরা অর্থের অভাবে পড়তে না পারলেও স্বপ্ন দেখা ছাড়েনি। সেই শ্রমিকদের জন্য, যাঁরা হাজার মাইল হেঁটেও বিশ্বাস হারাননি।”

প্রসঙ্গত, ২০২০ সালের মহামারীকালীন সঙ্কটে সোনু সুদ স্বেচ্ছায় পরিযায়ী শ্রমিকদের জন্য পরিবহন, খাদ্য ও থাকার ব্যবস্থা করেছিলেন। তাঁর উদ্যোগে হাজার হাজার মানুষ বাড়ি ফিরতে পেরেছিলেন। এখনও পর্যন্ত তিনি দরিদ্র ছাত্রদের পড়াশোনার খরচ বহন, চিকিৎসার জন্য সাহায্য এবং দুঃস্থ পরিবারগুলির পাশে দাঁড়িয়ে চলেছেন। এই সম্মানে আপ্লুত অভিনেতার এই বার্তা আরও একবার মনে করিয়ে দিল, বাস্তবের নায়করা সবসময় পর্দায় দেখা যায় না, কখনও কখনও তাঁরা মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.