রাজনীতি

তৃণমূলে বড় ভাঙন! দেব-রচনা-সায়নীসহ ১৯ সাংসদের সই প্রকাশ্যে, এনডিএ শিবিরে যাওয়ার জল্পনায় সিলমোহর

লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সম্প্রতি চিঠি জমা দিয়েছেন তৃণমূলের ‘বিদ্রোহী’ সাংসদরা বলে সূত্রের খবর। ওই চিঠিতে তাঁরা নিজেদের এনডিএ ব্লকের সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছেন বলেও জানা গিয়েছে। যদিও প্রকাশ্যে এ বিষয়ে খুব কম সংখ্যক সাংসদই মুখ খুলেছেন, ফলে কারা এই শিবিরে রয়েছেন তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল। অবশেষে সামনে এল সাংসদদের স্বাক্ষরিত সেই চিঠি, যেখানে স্পষ্ট হয়েছে তৃণমূল ছেড়ে দূরত্ব তৈরি করা ১৯ জন সাংসদের নাম। তালিকায় রয়েছেন দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, বাপি হালদার-সহ একাধিক পরিচিত মুখ।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূলের অন্দরে ভাঙনের ছবি স্পষ্ট হতে শুরু করেছে। কিছুদিন আগে ঋতব্রত-পন্থী গোষ্ঠীর বিদ্রোহে পরিষদীয় দলের নিয়ন্ত্রণ হারান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দিল্লিতে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের জেরে সংসদীয় দলেও তাঁর কর্তৃত্বে ধাক্কা লাগে। সেই সময় থেকেই শোনা যাচ্ছিল, প্রায় ২০ জন তৃণমূল সাংসদ এনডিএ-র সঙ্গে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে স্পিকারকে চিঠি দিয়েছেন। শুক্রবার প্রকাশ্যে আসা নথি অনুযায়ী, মোট ১৯ জন সাংসদের স্বাক্ষর রয়েছে তাতে।

স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন দীর্ঘদিনের বেসুরো সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এছাড়াও রয়েছেন দেব, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শতাব্দী রায়, মালা রায়, আবু তাহের খান, খলিলুর রহমান, কালীপদ সোরেন, পার্থ ভৌমিক, মিতালি বাগ, অরূপ চক্রবর্তী, জগদীশ বর্মা বসুনিয়া, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সরকার, অসিত মাল এবং ইউসুফ পাঠান।

সূত্রের দাবি, ৯ জুন দিল্লির ৯ মতিলাল নেহরু মার্গে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে আয়োজিত বৈঠকে প্রথম দফায় ১৪ জন সাংসদ চিঠিতে স্বাক্ষর করেন। পরে আরও পাঁচজন—মালা রায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ ও রচনা বন্দ্যোপাধ্যায়—তাতে সই করেন।

জানা যাচ্ছে, আগামী সোমবার বিদ্রোহী শিবিরের সাংসদরা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সেখানে এনডিএ-কে সমর্থনের বিষয়টি জানানো এবং লোকসভায় তাঁদের জন্য পৃথক আসনের ব্যবস্থা করার আবেদন জানিয়ে নতুন করে চিঠি দেওয়া হতে পারে। রবিবার রাতেই অধিকাংশ সাংসদ দিল্লিতে পৌঁছবেন বলে খবর। সেদিন রাতেই একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে, যেখানে পরবর্তী রাজনৈতিক কৌশল ও পদক্ষেপ নিয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.