ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে বুধবার ধর্মতলায় বিক্ষোভ ও ধর্নার কর্মসূচি নেয় আইএসএফ। শুরু থেকেই মঞ্চে উপস্থিত ছিলেন দলের বিধায়ক নওসাদ সিদ্দিকি। সকালবেলায় কর্মসূচি শান্তিপূর্ণভাবেই চলছিল। তবে দুপুরে হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, পুলিশের হস্তক্ষেপ চলাকালীন ধস্তাধস্তির মধ্যেই এক পুলিশকর্মী বিধায়ক নওসাদকে ঘুষি মারেন। তিনি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান। এই দৃশ্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন সমর্থকেরা। ধর্মতলার ধর্না মঞ্চ মুহূর্তে রণক্ষেত্রের রূপ নেয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র ধাক্কাধাক্কি ও ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। দ্রুত অতিরিক্ত বাহিনী নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ।
ঘটনার পর বিনা অনুমতিতে মিছিল করার অভিযোগে নওসাদ সিদ্দিকি-সহ একাধিক কর্মীকে আটক করা হয়। তাঁদের নিয়ে যাওয়া হয় লালবাজারে। আটক হওয়ার আগে ক্ষুব্ধ নওসাদ বলেন, “গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার কেড়ে নিচ্ছে সরকার। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে প্রকাশ্যে মারধর করা হল।”
এ ঘটনায় আইএসএফ নেতৃত্ব প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করেছে। তাঁদের অভিযোগ, পুলিশের পক্ষপাতদুষ্ট আচরণে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে এদিনের কর্মসূচি ছিল আইএসএফ-এর দীর্ঘদিনের আন্দোলনের অঙ্গ। কিন্তু দুপুর গড়াতেই সেই শান্তিপূর্ণ কর্মসূচিই রূপ নেয় সংঘর্ষে, আর তাতেই চরমে ওঠে রাজনৈতিক চাপানউতোর।







