নিজস্ব সংবাদদাতা : এবার পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের বেশ কয়েকটি পুরসভায় হানা দিল CBI । আজ বুধবার সকালেই সিবিআই আধিকারিকরা একাধিক দলে বিভক্ত হয়ে রাজ্যের বহু পুরসভায় পৌঁছন । তবে সিবিআইয়ের একটি দল আগে সল্টলেকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরেও যায় । তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের বিভিন্ন পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখার জন্যই তাদের এই অভিযান । উল্লেখ্য ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের হুগলির ফ্ল্যাটেও গিয়েছে সিবিআইয়ের একটি দল ।
উল্লেখ্য নব ব্যাকারপুর, শান্তিপুর, হালিশহর, দক্ষিণ দমদম এবং টিটাগড় পুরসভায় হানা দিয়েছেন ইডি আধিকারিকেরা । সিবিআইয়ের একটি দল সকাল ১১টা নাগাদ চুঁচুড়ার জগুদাসপাড়ায় অয়নের ফ্ল্যাটে ঢোকে। সূত্রের খবর ,সিবিআই হানা প্রসঙ্গে মুখ খুলে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “পুরোটাই রাজনীতি চলছে।” এছাড়াও তিনি বলেছেন, পুরসভায় দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে রাজ্য তদন্ত চালাচ্ছে ।
তদন্তকারীদের সূত্রে খবর , ‘এবিএস ইনফ্রোজোন’ নামে অয়নের সংস্থার মাধ্যমে একাধিক পুরসভায় নিয়োগ হয়েছে । এই বিষয়কে কেন্দ্র কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠলে তিনি পুরসভায় দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। পরে এই মামলার এজলাস বদল হলেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখে হাই কোর্ট।







