আমাদের প্রত্যেকের জীবনে নিত্যদিন কোনো না কোনো সমস্যা থেকেই থাকে। যেমন ব্যক্তিগত পরিসরে নানা জটিলতা, সম্পর্ক নিয়ে অস্থিরতা, কর্মক্ষেত্রে সমস্যা, দৈনন্দিন জীবন যাপনে নানা ধরনের দ্বন্দ্ব, আত্মবিশ্বাসের অভাব ইত্যাদি। আর এইসব কারণেই শুরু হয় মানসিক চাপ। দীর্ঘদিন ধরে এই মানসিক চাপের সাথে লড়াই করতে করতে একটা পর্যায়ে গিয়ে আমরা অবসাদ অনুভব করে থাকি। তবে ইদানিং শরীরের পাশাপাশি মনের খেয়াল রাখছে অনেকে। কয়েকটি আসন আছে যেগুলো করলে খুব সহজেই মন এবং শরীর দুটোই চাঙ্গা হবে। সেগুলো হলো –
সুখাসন:
এই আসনটি করতে প্রথমে পা ছড়িয়ে সোজা হয়ে বসুন। এ বার ডান পা হাঁটু থেকে ভাঁজ করে বাঁ ঊরুর উপর এবং বাঁ পা হাঁটু থেকে ভাঁজ করে ডান ঊরুর উপর রাখুন। এর পর দুই হাঁটুর উপর দু’হাত টান টান করে রাখুন। এই অবস্থায় চোখ বন্ধ করে বসে স্বাভাবিক ছন্দে শ্বাস-প্রশ্বাস নিন। ২ থেকে ৩ মিনিট পর্যন্ত এই অবস্থায় থাকতে পারেন।
বালাসন
হাঁটু মুড়ে গোড়ালির উপর বসুন। এ বার দুই হাত প্রসারিত করে পেট মুড়ে সামনের দিকে ঝুঁকে যান। বুক যেন ঊরু স্পর্শ করে। মাথা মাটিতে ঠেকিয়ে রাখুন। শ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করুন। নিয়মিত এই আসনগুলি করলে সত্যিই উপকার পাবেন। মন এবং শরীর দুই-ই ভাল থাকবে।







