আবারো বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হয়েছে চলেছে ঘূর্ণিঝড়। যা ল্যান্ডফল হতে চলেছে উত্তর ওড়িশার মাটিতেই। আবহাওয়া দপ্তর থেকে এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘ডানা’।দিল্লির মৌসম ভবন সূত্রেই এই তথ্য জানা গিয়েছে। আগামী ২৪শে অক্টোবর রাত ৯টা থেকে রাত ১০টার মধ্যে পুরী ও পারাদ্বীপের মধ্যবর্তী এলাকায় ভূমিতে প্রথমবার পা রাখবে ঘূর্ণিঝড় ‘ডানা’।
উত্তর ওড়িশার বুকে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হলেও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এই ঝড়ের বেশ ভালোই প্রভাব পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির মুখে পড়বে উওর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলি জেলা। মৌসম ভবনের আবহাওয়াবিদরা মনে করেছিলেন স্থলভাগে আছড়ে পড়ার আগে মাঝ সমুদ্রেই বাঁক নেবে ‘ডানা’। যদিও এখন মনে করা হচ্ছে, ‘ডানা’ ভূমি স্পর্শ করে বাঁ দিকে বাঁক নিয়ে মধ্য ও দক্ষিণ ওড়িশার দিকে যাবে। বাংলায় বড় বিপদের সম্ভাবনা কম বলেই জানাচ্ছেন।
ইতিমধ্যেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৪শে অক্টোবর, বৃহস্পতিবার সকালে সেটি বাংলা-ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে পৌঁছে যাবে এবং সন্ধ্যার পর থেকেই পারাদ্বীপ সংলগ্ন এলাকাতেই শুরু হবে তার ল্যান্ডফল। সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ১২০কিমি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত ঝড়ের সেই দাপট প্রত্যক্ষ করবেন পারাদ্বীপবাসী। বাংলায় বুধবার থেকেই দুর্যোগ শুরু হয়ে যাবে। উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় সেদিন সকাল থেকেই ঝোড়ো হাওয়া দেবে, সঙ্গে থাকবে বৃষ্টি। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় ৪০কিমির আশেপাশে থাকলেও সময়বার সঙ্গে সঙ্গে তার গতিও বাড়বে বলে আশঙ্কা করছেন আবহাওয়া দপ্তর।






