আবার রক্তাক্ত কাশ্মীর। সোনমার্গে জঙ্গি হামলায় এক চিকিৎসক সহ ৬ পরিযায়ী শ্রমিককে গুলিবিদ্ধ করে হত্যা করা হয় । রবিবার সন্ধেবেলা নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ পথের কাছে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক জন। ইতিমধ্যেই এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
সূত্রের খবর, টানেল নির্মাণ কর্মীদের উপরেই হামলা চালিয়েছে জঙ্গিরা। সেখানেই ছিলেন ওই চিকিৎসকও। গান্দেরওয়াল জেলায় গগনগীর থেকে সোনমার্গ অবধি তৈরি হচ্ছে ওই ভূগর্ভস্থ পথ। সেদিনে হামলার খবর পাওয়ার পর এক্স হ্যান্ডেলে ঘটনার নিন্দা করে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি লেখেন, “সোনমার্গে পরিযায়ী শ্রমিকদের উপর নৃশংস এবং কাপুরুষোচিত হামলার অত্যন্ত দুঃখজনক খবর পেয়েছি। আক্রান্তরা এলাকার একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প নির্মাণে কাজ করছিলেন। জঙ্গি হামলায় ২ জনের (তখনও পর্যন্ত দুই শ্রমিকের মৃত্যুর খবর ছিল) মৃত্যু হয়েছে। আরও ২-৩ জন আহত হয়েছেন। আমি নিরস্ত্র নিরীহ মানুষের উপর এই হামলার তীব্র নিন্দা জানাই এবং তাঁদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
এই ঘটনার প্রেক্ষিতে উঠে এসেছে এর আগে ১৮ অক্টোবর সোপিয়ান জেলায় বিহারের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিককে হত্যা করেছিল জঙ্গিরা। জৈনপোরার স্থানীয় মানুষ গুলিবিদ্ধ শ্রমিকের দেহ দেখে পুলিশে খবর দেয়। অনন্তনাগের সঙ্গম এলাকায় থাকছিলেন অশোক চৌহান নামের এই শ্রমিক। এমন ঘটনার নিন্দায় সরব হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ৪৮ ঘণ্টার মধ্যে ফের বড়সড় হামলা হল ‘বহিরাগত’দের উপরে।
ইতিমধ্যেই সূত্রে জানা গেছে, জঙ্গি হামলায় নিহত সংখ্যা ৭ জন। এছাড়াও জম্বু ও কাশ্মীরের পুলিশ ও সেনাবাহিনী মিলিত ভাবে সব জায়গায় তল্লাশি শুরু করেছেন এবং ড্রোনের সাহায্যেও জঙ্গিদের তল্লাশি করা হচ্ছে।







