অসুস্থ স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা বৃদ্ধ স্বামীর । ঘটনা নাসিক শহরের । অভিযুক্ত বৃদ্ধের বয়স , প্রায় ৮০ । পুলিশ সূত্রে জানা যায় , মৃত বৃদ্ধ দম্পতির মধ্যে গভীর ভালোবাসা ছিল। কিন্তু বৃদ্ধা স্ত্রীর দীর্ঘকালীন অসুস্থতা এবং দুজনেরই বার্ধক্যজনিত অসহায়তা বৃদ্ধ দম্পতিকে সমস্যায় ফেলে দেয়।
মৃত বৃদ্ধের নাম মুরলিধর রামচন্দ্র যোশী এবং তার স্ত্রীর নাম লতা । দম্পতির বাড়ি থেকে একটি সুসাইড নোট উদ্ধার করে পুলিশ । পুলিশ সূত্রে খবর , সুসাইড নোটে লেখা ছিল , “আমি আমার স্ত্রী লতাকে খুব ভালবাসি। ও শয্যাশায়ী, অসুস্থতায় ক্লান্ত। আমি ওকে এই কষ্ট থেকে মুক্তি দিচ্ছি। নিজেও মুক্তি পাচ্ছি।” তার সুসাইড নোটে আরো লেখা ছিল , স্ত্রী লতাকে শেষকৃত্যের আগে যেন একটি নতুন শাড়ি, মঙ্গলসূত্র ও অন্যান্য গয়না পরানো হয়। এমনকি তাঁদের শেষকৃত্যের সমস্ত খরচও গচ্ছিত রাখা আছে বলে উল্লেখ করা হয় সুসাইড নোটে। শেষ বার্তায় মুরলিধরের আবেদন, “আমাদের শেষকৃত্যে যেন কেউ বাড়তি খরচ না করেন।”
বৃদ্ধ দম্পতির দেখাশোনার জন্য ছিলেন সীতা রাঠোর নামের এক সহকারী । সে যখন বুধবার সন্ধ্যায় দম্পতির বাড়ির দরজা খোলেন, তখনই দম্পতির নিথর দেহ দেখতে পান ।
পুলিশের প্রাথমিক অনুমান , প্রথমে স্ত্রী লতার গলা টিপে হত্যা করেন , এবং তারপর নিজে আত্মহত্যা করেন মুরলিধর । পাশাপাশি পুলিশের তরফে জানানো হয় , সীতা রাঠোরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে , তাকে আগে থেকে গচ্ছিত ৫০ হাজার টাকা দেওয়ার কথাও উল্লেখ করা হয় সুসাইড নোটে ।







