টোল প্লাজা দিয়ে নিয়মিত যাতায়াত করেন? তাহলে আপাতত স্বস্তির খবর। হুগলির ডানকুনি টোল প্লাজা দিয়ে বর্ধমানগামী গাড়ির জন্য অনির্দিষ্টকালের জন্য টোল ফি মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন থেকে বর্ধমানের দিকে যাওয়া গাড়িগুলিকে আর টোল দিতে হবে না।
তবে এই সুবিধা একতরফা। টোল প্লাজা সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র বর্ধমানগামী লেনের গাড়ির জন্যই টোল ফ্রি করা হয়েছে। অন্যদিকে, বর্ধমান থেকে কলকাতার দিকে আসা গাড়িগুলিকে আগের মতোই নির্ধারিত টোল দিয়ে যেতে হবে।
এই সিদ্ধান্তকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সম্প্রতি বর্ধমান-দুর্গাপুর এক্সপ্রেসওয়ের একটি সাইড ওয়াল ভেঙে পড়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সেই বিতর্কের মধ্যেই ডানকুনি টোল প্লাজায় আংশিক টোল মকুবের সিদ্ধান্তকে ‘ড্যামেজ কন্ট্রোল’ বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ রাহা বলেন, “এটা আসলে কেন্দ্রের ড্যামেজ কন্ট্রোল। এক বছরের মধ্যেই নিম্নমানের উপাদান দিয়ে তৈরি রাস্তার সাইড ওয়াল ভেঙে পড়েছে। সাধারণ মানুষের টোলের টাকায় রাস্তা তৈরি হচ্ছে, অথচ তাঁদের নিরাপত্তার কোনও নিশ্চয়তা নেই।”
অন্যদিকে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। শ্রীরামপুর বিজেপির সহ-সভাপতি দেবাশীষ মুখোপাধ্যায়ের বক্তব্য, “জাতীয় সড়কের খরচ কেন্দ্র বহন করলেও কাজের তদারকি অনেক ক্ষেত্রে রাজ্য সরকারের মাধ্যমেই হয়। কোথাও ভেজাল মাল সরবরাহের ঘটনাও থাকতে পারে, আবার ইঞ্জিনিয়ারিং সমস্যাও থাকতে পারে।”
ফলে টোল ফ্রি ঘোষণার সিদ্ধান্ত যেমন বর্ধমানগামী গাড়িচালকদের স্বস্তি দিয়েছে, তেমনই তা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক।







