বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার পূর্বে এবার বাংলায় রেলের প্রকল্প আনায় তৎপরতা বিজেপির। সাংসদ, বিধায়করা আলাদা আলাদা করে রেলের কাছে একের পর এক দাবি রেখে চলেছেন। নিজের এলাকায় কেউ পাচ্ছেন রাজধানীর স্টপেজ তো কেউ অমৃত ভারত স্টেশন। এহেন আবহে তৃণমূলের বক্তব্য, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নকল করছে বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী দেশের রেলমন্ত্রী থাকার সময়েই দেখিয়ে দিয়েছেন রাজ্যের উন্নতির জন্য কী ভাবে কাজ করা যায়। এতদিন পর সেই কাজটাই করছে গেরুয়া শিবির।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই অশ্বিনী বৈষ্ণব মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন, দিঘা-এগরা, জয়নগর-রায়দিঘি, আমতা-বাগনান, নামখানা-চন্দ্রনগর নিউ লাইন, চন্দ্রনগর বকখালি নিউ লাইন, তারেকশ্বর-ধনিয়াখালির মতো একাধিক লাইনে কাজ এগোচ্ছে না জমি না পাওয়ায়। সেই আবহে রাজ্য সরকারের তরফ থেকে যাতে জমি জট মেটনো হয়, তার আবেদন করেন বৈষ্ণব।
বিজেপি নেতারা যে রেলের কাছে নিজের এলাকার জন্য একের পর এক দাবি জানিয়েছেন, তার উদাহরণ অনেক। দাবির তালিকা দীর্ঘ, তাতে নাম রয়েছে নন্দীগ্রামেরও। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময়েই নন্দীগ্রাম পর্যন্ত ট্রেনের পরিকল্পনা করেছিলেন। সদ্য তা নিয়ে উদ্যোগী হয়েছে রেল। এটা বিজেপির চাহিদাতেই সম্ভব হয়েছে বলে দাবি করেন দলের নেতারা।







