হরমুজ প্রণালীকে ঘিরে ফের চড়ছে উত্তেজনার পারদ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে এবার সরাসরি বড় দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার জয় হলে খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে আমেরিকার অংশ হিসেবে ঘোষণা করা হবে।
নিউ ইয়র্কে একটি রাজনৈতিক সভায় ট্রাম্প বলেন, এই যুদ্ধে আমেরিকা ইরানকে পরাজিত করবে। এরপরই হরমুজ প্রণালীকে আমেরিকার অংশ হিসেবে ঘোষণা করার ইঙ্গিত দেন তিনি।
ট্রাম্পের এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। কারণ, হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান পথ। এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছয়। ফলে এখানে কোনও ধরনের সংঘাত বা অস্থিরতা তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়ে বিশ্ববাজারে।
তবে ওয়াশিংটনের এই দাবিকে কার্যত উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের ডেপুটি বিদেশমন্ত্রী কাজেম ঘরিবাবাদী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, টুইট করে হরমুজ দখল করা সম্ভব নয়। বিমানবাহী রণতরী, নির্দেশিকা কিংবা নির্বাচনী বক্তৃতা দিয়েও এই জলপথের নিয়ন্ত্রণ নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তিনি।
ইরানের বার্তা, তারা কোনও শক্তির চাপকে ভয় পায় না। ঘরিবাবাদীর কথায়, “হরমুজ ইরানের ছিল, ইরানের আছে, ইরানেরই থাকবে।”
ফলে ট্রাম্পের হুমকি এবং ইরানের পাল্টা প্রত্যাখ্যান—দুইয়ে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা। আন্তর্জাতিক মহলের নজর এখন এই গুরুত্বপূর্ণ জলপথের পরবর্তী পরিস্থিতির দিকে







