জেলা

“নিজের মাথায় নিজেই গুলি”, নাকা চেকিংয়ে চমকে গেল সকলে

রাত তখন দশটা পেরিয়েছে। প্রতিদিনের মতোই চলছে নাকা চেকিং। হঠাৎই ঘটে গেল এক এমন ঘটনা, যা থমকে দিল গোটা অঞ্চলকে। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ১০ মাইল এলাকার নাকা চেকিংয়ে ডিউটি করছিলেন পুলিশ কনস্টেবল বিভাষ ঘোষ। আচমকাই নিজের পকেট থেকে সার্ভিস রিভলবার বের করে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

ঘটনার পরপরই এলাকায় নেমে আসে আতঙ্ক আর চাঞ্চল্য। সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সংকটজনক অবস্থায় রাতেই স্থানান্তর করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা অত্যন্ত গুরুতর।

প্রশ্ন উঠছে—কেন এমন সিদ্ধান্ত নিলেন বিভাষ ঘোষ? পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। নিয়মিত নার্ভের ওষুধ খেতেন। সহকর্মীদের অনেকেই জানিয়েছেন, সম্প্রতি কিছুটা চুপচাপ হয়ে পড়েছিলেন বিভাষ। তবে শুধুই মানসিক চাপ, না কি এর পেছনে রয়েছে কোনও পারিবারিক অশান্তি বা দাম্পত্য কলহ—তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

এই মর্মান্তিক ঘটনায় প্রশ্ন উঠছে, কি অবস্থা আমাদের পুলিশকর্মীদের মানসিক স্বাস্থ্যের? ডিউটির চাপ, পারিবারিক সমস্যা আর সহানুভূতির অভাবে কতটা ভেঙে পড়ছেন তাঁরা?

বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন বিভাষ ঘোষের জন্য প্রার্থনা করছেন তাঁর সহকর্মীরা ও পরিবার। এই ঘটনা নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, মানসিক স্বাস্থ্য নিয়েও প্রয়োজন তৎপরতা, বিশেষত যাঁরা দিনের পর দিন আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.