ক্রাইমজেলা

মুর্শিদাবাদে তিল খেত থেকে উদ্ধার অজ্ঞাত তরুণীর নলিকাটা দেহ, সন্দেহ ধর্ষণ ও খুনের

মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার রানিনগর পঞ্চায়েতের ভাটুপাড়ায় চাঞ্চল্যকর ঘটনায় স্তব্ধ স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কিছু গ্রামবাসী তিল খেতের পাশ দিয়ে যাওয়ার সময় জমিতে একটি অচেনা বস্তু পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে তাঁরা এগিয়ে গিয়ে দেখেন ভয়াবহ দৃশ্য—এক তরুণীর অর্ধনগ্ন, নলিকাটা নিথর দেহ পড়ে রয়েছে খেতে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতার বয়স আনুমানিক ১৮-১৯ বছর। তাঁর পাশ থেকে একটি মহিলা জুতোও উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তরুণী ওই এলাকার কেউ নন।

পুলিশের প্রাথমিক অনুমান, তরুণীকে অন্য কোথাও থেকে এনে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহ ফেলে দেওয়া হয়েছে তিল খেতে। তদন্তকারীরা জানান, ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত মামলা রুজু করা হয়েছে। আপাতত মৃতার পরিচয় জানার চেষ্টা চলছে।

তদন্তকারীদের মতে, পরিচয় পাওয়া গেলে তদন্ত অনেকটাই সহজ হবে এবং দোষীদের চিহ্নিত করা সম্ভব হবে। এলাকাবাসীর মধ্যে এই ঘটনার জেরে তৈরি হয়েছে আতঙ্ক এবং ক্ষোভ। দ্রুত বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই মর্মান্তিক ঘটনায় আবারও সামনে এলো নারীর প্রতি সহিংসতার নির্মম বাস্তবতা। প্রশাসনের তরফে তদন্তে গতি আনার পাশাপাশি এলাকার নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.