আজ দুপুরে হাজরায় কালীঘাট তৃণমূলের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পরে রাস্তায় নামেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিড় নিয়ন্ত্রণের সময় আচমকাই মেজাজ হারিয়ে তিনি সামনে থাকা এক ব্যক্তিকে চড় মারেন। পরে জানা যায়, ওই ব্যক্তি তৃণমূলেরই একজন কর্মী।
বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে বুধবার কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। কলকাতা হাই কোর্ট-এর নির্দেশ মেনে দুপুরে বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল শুরু হয়। কিছুদূর এগোতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিলকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান শোনা যায়, পাশাপাশি রাস্তার এক পাশ থেকে ‘মাছ চোর’ গানও বাজানো হয়। এরপর বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে বচসা ও সংঘর্ষের ঘটনা ঘটে। তৃণমূলের অভিযোগ, তাদের একাধিক কর্মী আক্রান্ত হয়েছেন।
এই ঘটনার পর কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তাঁর বাড়ির সামনে বিপুল ভিড় জমে যায়। ভিড় সরানোর চেষ্টা করতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে দলেরই এক কর্মীকে সজোরে চড় মারেন।
ঘটনার প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “ক্ষমতা হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাঁর এই ধরনের আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি এখনও মেনে নিতে পারছেন না যে বাংলার মানুষ তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন।”
এদিকে, বুধবার কালীঘাটের বাড়ির বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের ভূমিকারও তীব্র সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তদের তিনি ‘প্রতিবাদী’ বলে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, “হাই কোর্টের অনুমতি নিয়েই ছাত্র-যুবরা মিছিল করেছে। গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে। অথচ বিজেপির দুষ্কৃতীরা আমার বাড়ির সামনে ঘোরাফেরা করেছে, চিৎকার করে ভয় দেখানোর চেষ্টা করেছে। আগে সরকারটা ঠিকভাবে চালান।”







