দেশ

NEET Re-Exam আজ, ২২ লক্ষের বেশি পরীক্ষার্থীর ভবিষ্যৎ ও সরকারের বিশ্বাসযোগ্যতার বড় পরীক্ষা

নয়াদিল্লি: গত বছরের প্রশ্নফাঁস কেলেঙ্কারি এবং তা ঘিরে দেশজুড়ে বিতর্কের পর রবিবার অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত NEET রি-এগজাম। দেশের ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। তবে এটি শুধু মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নির্ধারণের পরীক্ষা নয়, বরং কেন্দ্রীয় সরকার ও ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) হারানো বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারেরও বড় চ্যালেঞ্জ।

দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছে। গতবারের বিতর্কের পুনরাবৃত্তি এড়াতে এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এনটিএ সূত্রে জানা গিয়েছে, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় বায়ুসেনার সহায়তায় আকাশপথে প্রশ্নপত্র পরিবহণ করা হয়েছে। দেশজুড়ে ৫,৪৪০টি পরীক্ষাকেন্দ্রের ৯৫ হাজারের বেশি কক্ষে বসানো হয়েছে ১ লক্ষ ৩৮ হাজারেরও বেশি সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি প্রযুক্তিগত জালিয়াতি রুখতে ব্যবহার করা হচ্ছে ৫১ হাজারেরও বেশি ইলেকট্রনিক জ্যামার।

ভুয়ো পরীক্ষার্থী আটকাতে বায়োমেট্রিক ও ফেস অথেনটিকেশন ব্যবস্থাও আরও কঠোর করা হয়েছে। প্রায় ৩৯ হাজার কর্মী পরীক্ষার্থীদের তল্লাশির দায়িত্বে রয়েছেন। প্রতিটি কেন্দ্রে মোতায়েন রয়েছে পুলিশ ও আধাসেনা বাহিনী। শনিবার দেশজুড়ে মক ড্রিল চালিয়ে গোটা ব্যবস্থার কার্যকারিতাও খতিয়ে দেখা হয়েছে।

এর মধ্যেই নাগপুরের এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্র হিসেবে আবু ধাবির নাম উঠে আসায় চাঞ্চল্য ছড়ায়। পরে এনটিএ জানায়, পরীক্ষার্থীর অ্যাকাউন্ট থেকেই কেন্দ্র পরিবর্তনের আবেদন করা হয়েছিল। দ্রুত হস্তক্ষেপ করে তাকে নাগপুরেই পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

এদিকে বিরোধীদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন, যাতে এবার কোনও ধরনের অনিয়ম না ঘটে। ফলে গোটা দেশের নজর আজ NEET পরীক্ষার দিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.