কলকাতায় গোপাল মুখোপাধ্যায়ের নামে একটি রাস্তার নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্ক সার্কাস এলাকার সুরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নতুন নাম হতে চলেছে ‘গোপাল মুখোপাধ্যায় রোড’। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতা পৌরনিগমের কমিশনার স্মিতা পাণ্ডে। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কলকাতা পৌরনিগমকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের একাংশের মতে, ক্ষমতায় আসার পর বিজেপি সরকারের এই পদক্ষেপ গোপাল মুখোপাধ্যায়কে বিশেষ সম্মান প্রদর্শনেরই অংশ।
১৯৪৬ সালের ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এর প্রসঙ্গ প্রায়শই তুলে ধরে বিজেপি। সেই সময়ের সাম্প্রদায়িক অশান্তির আবহে হিন্দু সম্প্রদায়ের সুরক্ষায় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন গোপাল মুখোপাধ্যায় বলে দাবি করা হয়। বউবাজারের মলঙ্গা লেনের বাসিন্দা গোপাল মুখোপাধ্যায়ের পরিবারের একটি পাঁঠার মাংসের দোকান ছিল কলেজ স্ট্রিট এলাকায়। পেশাগত কারণে তিনি ‘গোপাল পাঁঠা’ নামেই অধিক পরিচিত হয়ে ওঠেন।
গত বছরের অগস্ট মাসে ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এ নিহতদের স্মরণে আয়োজিত এক পদযাত্রায় অংশ নিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর হাতে ছিল গোপাল মুখোপাধ্যায়ের ছবি। পরে আলিপুরে গোপাল মুখোপাধ্যায়ের একটি মূর্তিরও উন্মোচন করেন তিনি। এদিন পৌরনিগমের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে এক্স-এ পোস্ট করেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি উল্লেখ করেন, প্রকৃত নায়কদের যথাযোগ্য সম্মান জানানোর এটাই উপযুক্ত সময়।
উল্লেখ্য, ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এর পটভূমিতে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন বলিউড পরিচালক Vivek Agnihotri। ছবির ট্রেলার প্রকাশকে কেন্দ্র করে কলকাতায় রাজনৈতিক বিতর্কও দেখা গিয়েছিল। তৎকালীন শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শহরের একটি পাঁচতারা হোটেলে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল।







