কলকাতা: সল্টলেকের সেক্টর ফাইভে রাস্তার ধারে এবং ফুটপাতে চলা অস্থায়ী দোকানগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বিধাননগর পুরসভা। অভিযোগ, মাত্র দু’দিনের মৌখিক নির্দেশে একাধিক দোকান সরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি ঝুপড়ি, প্লাস্টিক বা ত্রিপলের ছাউনি তৈরি করে ব্যবসা চালানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পুরসভার নির্দেশ অনুযায়ী, সেক্টর ফাইভ এলাকায় অস্থায়ী দোকান চালাতে হলে শুধুমাত্র ছাতা ব্যবহার করা যাবে। কোনও ধরনের স্থায়ী বা অস্থায়ী কাঠামো তৈরি করা যাবে না। প্লাস্টিক, ত্রিপল বা অন্য কোনও সামগ্রী দিয়ে দোকানের আলাদা ছাউনি তৈরিতেও আপত্তি জানিয়েছে পুরসভা।
সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ছোট খাবারের ব্যবসায়ীরা। নতুন নিয়ম অনুযায়ী, ফুটপাতের দোকানে কোনও ধরনের আগুন ব্যবহার করা যাবে না। গ্যাস সিলিন্ডার, উনুন বা অন্য কোনও জ্বালানি দিয়ে রান্না সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি দোকানে চা তৈরি করাও আর করা যাবে না বলে জানানো হয়েছে।
পুরসভার তরফে বলা হয়েছে, খাবার বিক্রি করতে হলে বাড়ি বা নির্দিষ্ট জায়গায় রান্না করে তা নিয়ে এসে বিক্রি করতে হবে। দোকানে বসে রান্না করা বা খাবার গরম করার অনুমতি থাকবে না।
এই সিদ্ধান্তে ক্ষোভ তৈরি হয়েছে বহু ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেক্টর ফাইভে দোকান চালিয়ে সংসার চালাচ্ছেন তাঁরা। কিন্তু লিখিত নোটিস ছাড়াই অল্প সময়ের মধ্যে দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবসার ধরন পরিবর্তন করার জন্য এই সময় যথেষ্ট নয় বলেও দাবি তাঁদের।
প্রশাসনের দাবি, এই পদক্ষেপ মূলত নিরাপত্তার স্বার্থে। অস্থায়ী দোকানে আগুন ব্যবহার করলে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ে। সেক্টর ফাইভের মতো গুরুত্বপূর্ণ এলাকায় দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিধাননগর পুরসভা।







