প্যান্ডেল ব্যবসায়ীর গোডাউনে ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মেদিনীপুরের দাসপুরে।
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সামনেই দূর্গা পূজো, প্রতিটি পূজো মন্ডপ সেজে উঠবে আলোক সজ্জায়। আর তার আগেই মাথায় হাত এক প্যান্ডেল ব্যবসায়ীর। সোমবার রাত ১০ টা নাগাদ শক্তিপদ মাইতি নামে এক প্যান্ডেল ব্যবসায়ীর গোডাউনে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ২০ লক্ষ টাকার সামগ্রী।জানা যায়, ভিতরে প্রায় সবই দাহ্য পদার্থ থাকায় আগুনের লেলিহান শিখা মুহূর্তে সর্বগ্রাসী রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ভয়াবহ অগ্নিকাণ্ড চলাকালীন স্থানীয় বাসিন্দারাই বালতি ভরে জল তুলে নিয়ে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন।খবর পেয়ে, মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত দুর্ঘটনাস্থলে এসে উপস্থিত হন। তিনি নিজেও স্থানীয় বাসিন্দাদের সাথে বালতি ভরে জল তুলে ঢালতে শুরু করেন আগুন নেভানোর উদ্দেশ্যে। তাতে বিশেষ লাভ না হওয়ায় খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে সেখানে উপস্থিত হয়।দীর্ঘক্ষনের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রনে আসে।
এই ঘটনার পর অসহায় হয়ে ভেঙে পড়েন শক্তিপদ মাইতি নামে ওই ব্যবসায়ী।যেহেতু এখন উত্সবের মরসুম তাই প্রচুর কাজের বরাতও থাকে।আর এই সময় এমন দুর্ঘটনায় কপালে হাত ব্যাবসায়ীর। কীভাবে লাগল আগুন? তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। তবে গোটা ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন শক্তিপদ মাইতি।তিনি বলেন, ঘুরে দাঁড়াবেন কীভাবে, এখন সেটাই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ।







