হিন্দু মতে দেবদেবীদের কেন্দ্র করে বহু পৌরাণিক কাহিনি রয়েছে। এই সকল দেবদেবীদের মধ্যে অন্যতম হলেন দেবাদিদেব। তাঁর পোশাক আশাক ভক্তদের মনে তাঁর সম্পর্কে কৌতুহল বাড়িয়ে তোলে৷ কেন তাঁর হাতে ত্রিশূল,ডমরু, কেনই বা তাঁর গলায় জড়ানো সাপ , এমন আরও বহু প্রশ্নই মনে উঁকি দেয়৷ তেমনই কিছু প্রশ্নের উত্তর রইল এখানে।
ডমরু –
শিবের ত্রিশূলে ডমরু সব সময় বাঁধা থাকে। এটি বেদ এবং তার উপদেশের প্রতীক যা আমাদের জীবনে এগিয়ে চলার রাস্তা দেখায়৷
ত্রিশূল –
মহাদেবের ত্রিশূল তিনটি শক্তির যথা জ্ঞান, ইচ্ছা এবং সম্মতির প্রতীক।
মাথায় চাঁদ –
মহাদেবের মাথার উপস্থিত চাঁদ এই ইঙ্গিত দেয় যে, কাল সম্পূর্ণরূপে তাঁর নিয়ন্ত্রণে।
নাগ –
মহাদেবের গলায় ও মাথায় নাগের উপস্থিতি পুরুষের অহংকারের প্রতীক বলে মনে করা হয়।
বাঘ ছাল –
মহাদেবকে সবসময় বাঘছাল পরে থাকতে দেখা যায় , আবার কখনও সখনও দেখা যায় যে তিনি বাঘ ছালের ওপর বসে রয়েছেন। আসলে এটি ভয়হীনতা ও অতি সাধারণ জীবনযাত্রার প্রতীক।
রুদ্রাক্ষমালা –
রুদ্রাক্ষ ধারণ আসলে শুদ্ধতার প্রতীক। সময়বিশেষে তাঁর হাতের রুদ্রাক্ষমালা ধ্যানমুদ্রার সূচক বলে জানা যায়।
তৃতীয় নয়ন –
তাঁর কপালের তৃতীয় নেত্রকে জ্ঞানের প্রতীক বলা হয়। কথিত আছে তিনি রেগে গেলে এই চোখটি খুলে গেলে সব কিছু ভস্ম হয়ে যেতে পারে।
জটার থেকে নির্গত জল –
মহাদেবের জটা থেকে নির্গত জলরাশি হল আসলে গঙ্গা নদী। কথিত আছে ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে মা গঙ্গা যখন মর্ত্যে নেমে আসেন তখন তাঁর প্রচণ্ড জলোচ্ছ্বাসে পৃথিবী প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। তখন ভগীরথ শিবের চরণাগত হলে,শিব নিজের জটায় গঙ্গাকে আবদ্ধ করে ফেলেন। এরপর জটা থেকে ছোটো ছোটো ধারায় গঙ্গা নদীকে মুক্তি দেন। সেই কারণে মহাদেবের জটা থেকে গঙ্গাকে বেরিয়ে আসতে দেখা যায়।







