ভারতীয় ব্যাটসম্যান শুভমান গিল গাব্বায় তার ঐতিহাসিক ইনিংসের স্মৃতিকে রোমন্থন করে নতুন ইতিহাস তৈরির লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন। ২০২১ সালে মাত্র ২১ বছর বয়সে তৃতীয় টেস্টে খেলতে নামা গিল, অস্ট্রেলিয়ার ৩২৯ রানের লক্ষ্য তাড়া করতে গুরুত্বপূর্ণ ৯১ রানের ইনিংস খেলেছিলেন, যা ভারতের ঐতিহাসিক গাব্বা জয়ে ভূমিকা রেখেছিল।
গাব্বা টেস্টের প্রাক্কালে গিল বলেন, “২০২১-এর জয়ের স্মৃতি আমাদের দলের মনে দারুণভাবে ফিরে এসেছে। আবার এখানে আসা সত্যিই নস্টালজিক।”
তবে গিলের টেস্ট ক্যারিয়ারে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। ৩০টি টেস্টে তার গড় ৩৬.৪৫ হলেও ৩৩টি ইনিংসে ২০-এর গণ্ডি পেরিয়েও অর্ধশতক পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন। এই নিয়ে গিল স্বীকার করেছেন, “টেস্ট ক্রিকেটে চ্যালেঞ্জ হলো পরিস্থিতি অনুযায়ী খেলা। কখনও চার-পাঁচ ওভারে স্ট্রাইক না পেলে মনোসংযোগ হারানো সহজ।”
সম্প্রতি অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে ফিরে তিনি প্রথম ইনিংসে ৩১ রান করলেও, দ্বিতীয় ইনিংসে এলবিডব্লিউ আউট হন। গিল জানিয়েছেন, পিঙ্ক বলের সঙ্গে মানিয়ে নেওয়াটা কঠিন, কারণ এর সিম ও হ্যান্ড পজিশন বোঝা একটু চ্যালেঞ্জিং।
অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জিং পরিবেশ এবং মানসিক চাপের কথা তুলে ধরে গিল বলেন, “অস্ট্রেলিয়ায় পাঁচ দিন ধরে টেস্ট ম্যাচের মানসিক চাপ এবং তীব্রতা বজায় রাখা সবচেয়ে কঠিন।”
গাব্বায় এবার নতুন চ্যালেঞ্জে নিজেকে প্রস্তুত করতে দৃঢ়প্রতিজ্ঞ শুবমান গিল। দেখা যাক, গাব্বার ইতিহাসে তার নতুন অধ্যায় রচনা হয় কি না।







