খেলাধুলা

আবারও চোটে মাঠের বাইরে তারকা পেসার, জোর ধাক্কা পাঞ্জাব শিবিরে

আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে গত কয়েক মাসে একাধিক চোটে জর্জরিত হয়েছেন লকি ফার্গুসন। আইপিএল ২০২৫-এ পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নামলেও চোট তাঁকে আবারও ছিটকে দিল। দলের ফাস্ট বোলিং কোচ জেমস হোপস জানিয়েছেন, “ফার্গুসন অনির্দিষ্টকালের জন্য বাইরে। ওকে আবার দলে পাওয়ার সম্ভাবনা খুবই কম।”

শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ষষ্ঠ ওভারের দ্বিতীয় বল করার পরই চোট পান ফার্গুসন। বাঁ-পায়ের ঊরুর নিচের অংশে হাত দিয়ে ব্যথা অনুভব করেন, তারপর মাঠ ছাড়েন ফিজিওর সঙ্গে। আর ফিল্ডে ফেরেননি। ওই ম্যাচেই আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় পায় হায়দরাবাদ।

আইপিএলের আগে সংযুক্ত আরব আমিরাতে আইএলটি২০-তে খেলার সময় হ্যামস্ট্রিং চোট পেয়েছিলেন ফার্গুসন, যার ফলে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি মিস করেন। নভেম্বর ২০২৪-এ শুরু হয় চোটের ধকল—তখন ছিল কাফ ইনজুরি, যার জেরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে পারেননি। সব মিলিয়ে গত পাঁচ মাসে তিন-তিনটি বড় চোট।

চলতি আইপিএলে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন ফার্গুসন, নিয়েছেন পাঁচটি উইকেট, তবে ইকোনমি রেট ছিল কিছুটা বেশি—প্রতি ওভারে ৯.১৭ রান। তাঁর এই ছিটকে যাওয়া পাঞ্জাবের বোলিং আক্রমণে বড় ধাক্কা, বিশেষত তখনই যখন দলটিকে বড় ম্যাচগুলির জন্য প্রস্তুত হতে হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.