এক শতাব্দীরও বেশি অপেক্ষা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান। ১২৮ বছর পর আবারও অলিম্পিকের রঙিন মঞ্চে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে পুরুষ ও মহিলা ক্রিকেট। ১৯০০ সালের পর এই প্রথম বার অলিম্পিক্সে ক্রিকেট ফিরছে, যেখানে একমাত্র ম্যাচে ইংল্যান্ড হারিয়েছিল ফ্রান্সকে। এবার সেই ইতিহাসের পাতায় যোগ হবে নতুন অধ্যায়।
লস অ্যাঞ্জেলেস গেমস শুরু হবে ১২ জুলাই ২০২৮, চলবে ২৯ জুলাই পর্যন্ত। উদ্বোধনের দিন থেকেই শুরু হবে ক্রিকেটের লড়াই। প্রথমে মাঠে নামবেন মহিলারা। ২০ জুলাই হবে মহিলা বিভাগে পদকের ম্যাচগুলি, আর পুরুষদের ফাইনাল রাখা হয়েছে সমাপ্তি দিবসে, অর্থাৎ ২৯ জুলাই। ছ’টি দল অংশ নেবে প্রতিটি বিভাগে। প্রতিটি দলে ১৫ জন করে ক্রিকেটার—ফলে দুই বিভাগের মিলিয়ে ১৮০ জন ক্রিকেটারের অলিম্পিক্সে অংশ নেওয়ার সুযোগ মিলবে।
ক্রিকেট ম্যাচগুলি হবে লস অ্যাঞ্জেলেস শহর থেকে ৫০ কিলোমিটার দূরে পোমেনার ফায়ারগ্রাউন্ড স্টেডিয়ামে। স্থানীয় সময় সকাল ৯টা ও সন্ধে সাড়ে ৬টায় ম্যাচ শুরু হবে। ভারতীয় দর্শকরা ম্যাচগুলি দেখতে পাবেন সকাল ৭টা ও রাত সাড়ে ৯টায়। যদিও ছ’টি দল নির্বাচনের প্রক্রিয়া এখনও স্পষ্ট করেনি আইসিসি।
২০২৮-এর পর ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিকেও ক্রিকেট অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। অর্থাৎ, বিশ্বক্রিকেটের তারকারা এবার অলিম্পিক পদক জয়ের সুযোগও পাবেন—এ এক নতুন স্বপ্নের সূচনা।







