মাত্র ৬৮ দিন আগে ২০২৫-২৬ মরশুমের প্রিমিয়ার লিগ জিতে ইতিহাস গড়েছিল আর্সেনাল। বিশ্বকাপের বিরতির পর নতুন অভিযানের সূচনা করল মিকেল আর্তেতার দল। শনিবার স্প্যানিশ ক্লাব জিরোনাকে ৪-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী শুরু করেছে গানার্সরা। এর আগে রুদ্ধদ্বার প্রস্তুতি ম্যাচে এমকে ডনসকেও হারিয়েছিল তারা। এবার রিয়াল বেটিস ও বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ম্যাচে দলকে আরও ঝালিয়ে নেওয়ার লক্ষ্য।
নতুন মরশুমে আর্সেনালের সবচেয়ে বড় পরিবর্তন দেখা যেতে পারে মাঝমাঠে। ডেকলান রাইস ও মার্টিন জুবিমেন্ডির উপর নির্ভরতা বজায় থাকলেও মাইলস লুইস-স্কেলি, ইথান এনওয়ানেরি, মিকেল মেরিনো এবং অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে ঘিরে আরও বৈচিত্র্যময় পরিকল্পনা করছেন আর্তেতা। চোটের ধাক্কা এড়াতে মিডফিল্ডে রোটেশনও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
আক্রমণভাগে গতি বাড়ানোও কোচের অন্যতম অগ্রাধিকার। গত মরশুমে ফাস্ট ব্রেক থেকে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় দ্রুত কাউন্টার অ্যাটাকের কৌশল নিয়ে নতুন করে কাজ চলছে। ক্লাব ব্রুজ থেকে আসা ক্রিস্টোস জোলিস আক্রমণে গতি যোগ করতে পারেন। পাশাপাশি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রকে দলে টানার জল্পনাও জোরদার, যা সফল হলে আর্সেনালের আক্রমণ আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।
ফরোয়ার্ড লাইনে ভিক্টর গিওকেরেস ও কাই হাভার্ৎজকে একসঙ্গে ব্যবহার করাও নতুন মরশুমের অন্যতম আকর্ষণ হতে চলেছে। গতবার চোটের কারণে এই জুটি খুব কম সময় একসঙ্গে খেলেছে। তবে এবার দু’জনকে ঘিরে আরও ধারালো আক্রমণ গড়ে তুলতে চান আর্তেতা।
গত মরশুমে ৩৮ লিগ ম্যাচে আর্সেনাল ৭১ গোল করেছিল, যা ২০২৩-২৪ মরশুমের ৯১ গোলের তুলনায় অনেকটাই কম। তাই শিরোপা ধরে রাখার পাশাপাশি ইউরোপে সাফল্য পেতে গোলসংখ্যা বাড়ানোই এখন লন্ডনের ক্লাবটির সবচেয়ে বড় লক্ষ্য। প্রাক-মরশুমের এই পরীক্ষাগুলিই বলে দেবে, নতুন মরশুমে আর্সেনাল কতটা বদলে মাঠে নামতে চলেছে।







